ইরানের প্রশংসা ও তুরস্ককে সতর্ক করলেন ইরাকের প্রতিরক্ষামন্ত্রী
-
ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-ওবেইদি
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধে ইরাকের পাশে থাকার জন্য ইরানের ভূয়সী প্রশংসা করেছেন ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-ওবেইদি। তিনি প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র এক স্পর্শকাতর সময়ে ইরাককে সহযোগিতা করছে।
ওবেইদি বলেন, দায়েশ বিরোধী লড়াইয়ে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছে তেহরান। ইরানি প্রকৌশলি ও সামরিক উপদেষ্টারা ইরাকের সেনাবাহিনীকে পূর্ণ মাত্রায় সহযোগিতা করছেন বলে তিনি উল্লেখ করেন। ইরাকি প্রতিরক্ষামন্ত্রী বলেন, বাগদাদের অনুরোধে সাড়া দিয়ে ইরানি সামরিক উপদেষ্টারা দেশটিতে অবস্থান করছেন।
ওবেইদি একইসঙ্গে সতর্ক করে দিয়ে বলেন, ইরাকের সেনাবাহিনী এককভাবে উত্তরাঞ্চলীয় মসুল শহর উদ্ধার অভিযান চালাবে। ওই অভিযানে কোনো বিদেশে সেনাকে অংশ নিতে দেয়া হবে না। ২০১৪ সালের জুন মাসে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের হাতে মসুলের পতন হয়েছিল।
সাক্ষাৎকারের অন্য অংশে ইরাকি প্রতিরক্ষামন্ত্রী তার দেশে সেনা পাঠানোর জন্য তুরস্কের সমালোচনা করেন। তিনি বলেন, উত্তর ইরাক থেকে তুরস্ক সেনা প্রত্যাহার না করলে আঙ্কারার বিরুদ্ধে দায়েশ বিরোধী যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ চালাবে বাগদাদ। উত্তর ইরাকের বাশিকায় তুর্কি সেনা উপস্থিতির কারণে মসুলে দায়েশ বিরোধী অভিযান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ওবেইদি উল্লেখ করেন।
২০১৫ সালের ডিসেম্বর মাসে মসুলের উত্তরে বাশিকা সামরিক ঘাঁটিতে বেশ কিছু সেনা মোতায়েন করে তুরস্ক। আঙ্কারা দাবি করে, ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই এসব সেনাকে সেখানে পাঠানো হয়েছে। কিন্তু বাগদাদ তাৎক্ষণিকভাবে এ দাবি প্রত্যাখ্যান করে অবিলম্বে তুর্কি সেনা প্রত্যাহার করার আহ্বান জানায়। কিন্তু সে আহ্বানে এখন পর্যন্ত কর্ণপাত করেনি আঙ্কারা।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০