ইসরায়েলিদের বহিষ্কার অব্যাহত রাখার ব্যাপারে মালয়েশিয়া বদ্ধপরিকর
-
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালিদ নুরুদ্দিন
পার্সটুডে- মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী তার দেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি জানিয়ে জোর দিয়ে বলেছেন, মালয়েশিয়া থেকে ইসরায়েলিদের বহিষ্কারের নীতি অপরিবর্তিত থাকবে।
আইআরএনএ-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালিদ নুরুদ্দিন জানিয়েছেন, দেশটি তার ভূখণ্ড থেকে ইসরায়েলি নাগরিকদের বহিষ্কার অব্যাহত রাখবে এবং এই পদক্ষেপটি কুয়ালালামপুরের ইসরায়েলি শাসনকে স্বীকৃতি না দেওয়ার দীর্ঘস্থায়ী নীতির কাঠামোর মধ্যেই নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইসরায়েলিদের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ কুয়ালালামপুরের বিদ্যমান নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।
তিনি আরও বলেন, জোহর রাজ্যের ফরেস্ট সিটি এলাকায় "নেটওয়ার্ক স্কুল" নামক একটি কেন্দ্রে কোনো ইসরায়েলি উপস্থিত নেই, তা নিশ্চিত করার জন্যই সাম্প্রতিক বহিষ্কার অভিযান চালানো হয়েছিল।
অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে কিছু ইসরায়েলি মালয়েশিয়ায় প্রবেশ করেছে বলে খবর প্রকাশের পর আটজন মার্কিন কংগ্রেস সদস্য ওয়াশিংটন সরকারকে মালয়েশিয়ার সঙ্গে তাদের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান জানালে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করেন। আইনপ্রণেতারা মার্কিন সরকারকে এও অনুরোধ করেন যে, কুয়ালালামপুর ১৫ দিনের মধ্যে তাদের অবস্থান পরিবর্তন না করলে মালয়েশীয় সেনাবাহিনীর জন্য আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ ও মহড়া (আইএমইটি) কর্মসূচিতে অর্থায়ন স্থগিত করার বিষয়টি যেন বিবেচনা করা হয়।
আইএমইটি কর্মসূচিতে অর্থায়নের ওপর এই অবস্থানের প্রভাব নিয়ে উদ্বেগ প্রত্যাখ্যান করে তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের ব্যাপারে কুয়ালালামপুরের নীতি বছরের পর বছর ধরে অপরিবর্তিত রয়েছে। তিনি উল্লেখ করেন, “আমাদের নীতি হলো ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া এবং এটাই চূড়ান্ত।”
এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আবারো বলেছেন, তার সরকার এই বিষয়ে পিছু হটবে না এবং সেদেশে খুঁজে পাওয়া যেকোনো ইসরায়েলিকে বহিষ্কার করা হবে। তিনি আরও বলেন, ফরেস্ট সিটির "নেটওয়ার্ক স্কুল" এর সঙ্গে সম্পর্কিত ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগের বিষয়ে নিরাপত্তা সংস্থাগুলো একটি বিস্তারিত তদন্ত চালাচ্ছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।