ট্রাম্পের ৫০% শুল্কে ফুঁসছে কানাডা, পাল্টা আঘাতের ঘোষণা কার্নির
পার্সটুডে: ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ডলার-টু-ডলার পাল্টা জবাব দেবে কানাডা।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, শনিবার দিনের শুরুতে কানাডা থেকে আমদানি করা প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর পরপরই পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় অটোয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই শুল্ক কানাডার যুক্তরাষ্ট্রে বার্ষিক রপ্তানির প্রায় ৫ শতাংশকে প্রভাবিত করবে। এর আওতায় পড়বে বিস্তৃত পরিসরের বিভিন্ন পণ্য।
এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, কানাডার শ্রমিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্রের শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করা হবে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার পাল্টা পদক্ষেপ এরই মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং উত্তর আমেরিকার বাণিজ্য চুক্তি USMCA-এর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার অভিযোগ করেন, কানাডা বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। তাঁর দাবি, অটোয়া নতুন কিছু দাবি উত্থাপন করেছে এবং আগের কয়েকটি প্রতিশ্রুতি থেকে সরে আসায় দুই দেশের মধ্যে যে ভারসাম্য তৈরি হয়েছিল, তা নষ্ট হয়েছে।
অন্যদিকে, কার্নি বাণিজ্য চুক্তি ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনকেই দায়ী করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে প্রস্তাবের শর্ত পরিবর্তন করেছে, যা ছিল অন্যায্য ও অর্থনৈতিকভাবে অযৌক্তিক। কার্নি আরও জানান, তিনি বাণিজ্য আলোচনা স্থগিত করেছেন এবং কানাডার আলোচনাকারী দলকে অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছেন। কানাডীয় কর্মসংস্থান রক্ষার ওপর জোর দিয়ে কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে কানাডাকে নিজেদের বাণিজ্যিক অংশীদার ও বাজারের বৈচিত্র্য বাড়ানোর দিকে এগোতে হবে।#
পার্সটুডে/এমবিএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন