ইরান-রাশিয়ার কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর পেজেশকিয়ান-পুতিনের
https://parstoday.ir/bn/news/world-i163776-ইরান_রাশিয়ার_কৌশলগত_সহযোগিতা_অব্যাহত_রাখার_ওপর_জোর_পেজেশকিয়ান_পুতিনের
পার্সটুডে: ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট টেলিফোনে আলাপকালে তেহরান ও মস্কোর মধ্যে দ্বিপক্ষীয় ও কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখা এবং আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।
(last modified 2026-10-08T05:20:51+00:00 )
অক্টোবর ০৮, ২০২৬ ১১:০৯ Asia/Dhaka
  • ইরান-রাশিয়ার কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর পেজেশকিয়ান-পুতিনের

পার্সটুডে: ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট টেলিফোনে আলাপকালে তেহরান ও মস্কোর মধ্যে দ্বিপক্ষীয় ও কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখা এবং আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

পার্সটুডের প্রতিবেদনে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তেহরান-মস্কো সম্পর্কের ইতিবাচক ও ক্রমবর্ধমান গতিধারার কথা উল্লেখ করেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখা ও আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন, এই পথ অব্যাহত রাখা দুই দেশের অভিন্ন স্বার্থের অনুকূলে।

পুতিনও আলোচনায় তেহরান ও মস্কোর মধ্যে সমন্বিত কৌশলগত সহযোগিতা চুক্তির আওতায় চলমান সহযোগিতার বিষয়টি তুলে ধরে বলেন, আঞ্চলিক বিভিন্ন পরিবর্তন ও ঘটনা সত্ত্বেও দুই দেশের এই সহযোগিতা অব্যাহত রয়েছে এবং তা এগিয়ে নেওয়া হচ্ছে।

ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুদের আগ্রাসনের মোকাবিলায় তাদের ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ প্রতিরোধের কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানের সাহসিকতা বিশ্বজুড়ে ব্যাপক মনোযোগ ও প্রশংসা অর্জন করেছে।

পুতিন আরও বলেন, কিছু দেশ উত্তেজনা কমাতে মধ্যস্থতা ও সহযোগিতার চেষ্টা করছে। রাশিয়া এসব রাজনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে। তিনি বলেন, ইরানের বন্ধুরা নিশ্চিত থাকতে পারেন যে মস্কোও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে ও সহযোগিতা করতে প্রস্তুত।

টেলিফোন আলাপের শেষে পুতিন তেহরান ও মস্কোর মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন। একই সঙ্গে তিনি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনির প্রতি উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দিতে বলেন।#
 

পার্সটুডে/পার্সটুডে/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।