গায়ানাকে হারিয়ে সিপিএল চ্যাম্পিয়ন গেইল-সাকিবের জ্যামাইকা
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াশ।
সোমবার সিপিএলের চতুর্থ আসরের ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিওর্সকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পায় জ্যামাইকা।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন জ্যামাইকা অধিনায়ক ক্রিস গেইল। বোলারদের দাপটে ১৬.১ ওভারে ৯৩ রান সংগ্রহ করতেই গায়েনাকে অলআউট করে দেন জ্যামাইকার বোলাররা।
গায়েনার ব্যাটসম্যাদের মধ্যে সোহাইল তানভীর সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া ডোয়াইন স্মিথের ১৭ রান ও ব্রানওয়েলের ১০ রান দুই অঙ্কের ঘরের স্কোর।
গায়ানাকে অল্প রানে অলআউট করতে বল হাতে দারুণ অবদান রাখেন সাকিব আল হাসান। চার ওভারে ২৫ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট। ক্রিস লিয়ন ও জ্যাসন মোহাম্মদ তার শিকারে পরিণত হন। এছাড়া, জ্যামাইকার ইমাদ ওয়াসিম চার ওভার করে ২১ রান দিয়ে নেন তিন উইকেট। কেসরিক উইলিয়ামস দুই উইকেট নেন ১২ রানে।
জবাবে ব্যাট করতে নামে ক্রিস গেইলের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে মাত্র ১২.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় জ্যামাইকা।
গেইল স্বভাবসুলভ ঝড় তোলে মাত্র ২৭ বলে ৫৪ রান করেন। তিনটি চারের সঙ্গে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। পরে ইমরিতের বলে জ্যাকবের হাতে ক্যাচ আউট হন। বাকি কাজটুকু সহজেই সারেন চ্যাডউইক ওয়ালটন (২৫*) ও কুমার সাঙ্গাকারা (১২*)।
ম্যাচ সেরা নির্বাচিত হন ইমাদ ওয়াসিম আর টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন আন্দ্রে রাসেল।#
পার্সটুডে/এআর/৮