ক্রিমিয়া ইস্যুতে রুশ-বিরোধী যুদ্ধ প্রস্তুতি ইউক্রেনের; ধৈর্য ধরার আহ্বান আমেরিকার
-
ফাইল ফটো
ক্রিমিয়া ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে আামেরিকা। ক্রিমিয়া নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনের সেনাদের সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত থাকার জন্য দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো নির্দেশ দেয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল (বৃহস্পতিবার) এ আহ্বান জানাল। তবে, মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘ক্রিমিয়া ইউক্রেনেরই অংশ’।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এলিজাবেথ ট্রুডো বলেন, “ক্রিমিয়া ও ইউক্রেন সীমান্তে সামরিক উত্তেজনার কারণে আমরা খুবই উদ্বিগ্ন। এ বিষয়ে আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার; আমরা মনে করি ক্রিমিয়া হচ্ছে ইউক্রেনের একটি অংশ এবং আন্তর্জাতিক সমাজও তাই মনে করে। আমরা দু পক্ষকেই পরিস্থিতির অবনতি না ঘটানোর জন্য আহ্বান জানাচ্ছি। দু পক্ষের উচিত বাগাড়ম্বর বাদ দিয়ে আলোচনায় ফেরা।”
২০১৪ সালের ১৭ মার্চ ইউক্রেন থেকে ক্রিমিয়া স্বাধীনতা ঘোষণা করে এবং গণভোটের মাধ্যমে অঞ্চলটি রাশিয়ায় যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়। রাশিয়ায় যোগ দেয়ার পক্ষে শতকরা ৯৬.৮ ভাগ মানুষ ভোট দেয়। তবে, ইউক্রেন বিষয়টি এখনো পর্যন্ত মেনে নেয় নি। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো এ ইস্যুতে ইউক্রেকে সমর্থনের নামে অনেকটা উসকানি দিচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২