পাক স্বাধীনতা দিবসকে কাশ্মিরের প্রতি উৎসর্গ করলেন নওয়াজ শরীফ
পাকিস্তানের ৭০তম স্বাধীনতা দিবসকে কাশ্মিরের প্রতি উৎসর্গ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ এক বার্তায় তিনি এ ঘোষণা দিয়েছেন।
গত ৮ জুলাই ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে কাশ্মিরের গেরিলা গোষ্ঠী হিজবুল মুজাহেদিনের ২২ বছর বয়সী শীর্ষস্থানীয় কমান্ডার বুরাহান ওয়ানি নিহত হওয়াকে কেন্দ্র ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিক্ষোভ ও সহিংসতা চলছে। ভারতীয় সেনাবাহিনীর হাতে কাশ্মিরে এ পর্যন্ত ৬০ জনের বেশি নিহত এবং অন্তত ৭,০০০ মানুষ আহত হয়েছে। এদের অনেকেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর ছোঁড়া ছররা গুলিতে চোখে মারাত্মক আঘাত পেয়েছে।
নওয়াজ তার বার্তায় বলেন, এ বছরের ১৪ আগস্টকে কাশ্মিরের প্রতি উৎসর্গ করা হচ্ছে। নওয়াজের ভাষায়, নির্যাতনের মুখেও সাহসিকতার সঙ্গে ‘স্বাধীনতার চেতনা’ ধরে রাখায় পাকিস্তানের স্বাধীনতা দিবসকে কাশ্মিরের মানুষের জন্য উৎসর্গ করা হলো। এ ছাড়া, পাক প্রধানমন্ত্রীর বাসভবন থেকে দেয়া বার্তায় আরো দাবি করা হয়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা তুঙ্গে থাকায় এ বছর পাকিস্তানের স্বাধীনতা দিবস আরো স্মরণীয় হয়ে উঠেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৪