আসুন পরমাণু পরীক্ষা বন্ধ সংক্রান্ত চুক্তি সই করি: ভারতকে বলল পাকিস্তান
-
পরমাণু অস্ত্রবাহী পাকিস্তানি ক্ষেপণাস্ত্র
পাকিস্তান পরমাণু পরীক্ষা বন্ধ সংক্রান্ত চুক্তি করার জন্য ভারতকে প্রস্তাব দিয়েছে। কাশ্মির নিয়ে যখন দেশ দু’টির মধ্যে বাকযুদ্ধ এবং উত্তেজনা তুঙ্গে তখন এ প্রস্তাব দেয়া হলো।
পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিজ জাকারিয়া এ প্রস্তাব দেন। এতে বলা হয়, পরমাণু পরীক্ষা বন্ধের বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি পরমাণু সরবরাহ গোষ্ঠী বা এনএসজি’র সদস্যপদ লাভের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। এ গোষ্ঠীর সদস্যপদ লাভে প্রাণপণে চেষ্টা করছে ভারত। পাকিস্তানও একই চেষ্টা করছে। অবশ্য এনপিটি’তে সই করে নি এমন দেশের পরমাণু অস্ত্র বিস্তার ক্ষেত্রে প্রতিশ্রুতি খতিয়ে দেখছে এনএসজি।
অবশ্য এর আগে পাকিস্তান ও ভারত উভয় দেশই পরমাণু পরীক্ষা আর চালাবে না বলে স্বেচ্ছা-ঘোষণা দিয়েছিল। কিন্তু জাকারিয়া বলেন, পরমাণু পরীক্ষা না চালানোর যে এক তরফা ঘোষণা দেয়া হয়েছে তা মানা বাধ্যতামূলক নয়। এক তরফা ভাবেই এ ঘোষণা প্রত্যাহার করা সম্ভব বলেও জানান তিনি। তিনি বলেন, দ্বিপাক্ষিক চুক্তি পরস্পর মানতে বাধ্য এবং তা একক ভাবে প্রত্যাহার করাও বেশ কষ্টকর।
এ ছাড়া, তিনি আরো বলেন, ১৯৯৮ সালে পরমাণু পরীক্ষা পরই সিটিবিটি বা পরমাণু পরীক্ষা বন্ধ সংক্রান্ত চুক্তি একযোগে মানার প্রস্তাব ভারতকে দিয়েছিল পাকিস্তান। কিন্তু তাতে ভারতের অনুকূল সাড়া পাওয়া যায় নি বলে দাবি করেন নাফিজ জাকারিয়া।
শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক স্বার্থে পাকিস্তান আবারো ভারতকে এ বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তির প্রস্তাব দিচ্ছে বলেও দাবি করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১৭