মাদকের কেন্দ্র আফগানিস্তান; পাচারের রুট পাকিস্তান
-
আফগানিস্তানের একটি পপি ক্ষেত
বিশ্বের ৭০ শতাংশ মাদক উৎপাদন করছে আফগানিস্তান যার ৪২ থেকে ৪৩ ভাগ পাকিস্তানের মধ্যদিয়ে পাচার হচ্ছে। জাতিসংঘ কার্যালয়ের মাদক ও অপরাধ বিভাগের (ইউএনওডিসি) পাকিস্তান প্রতিনিধি সিজার গুয়েদেস এ তথ্য জানিয়েছেন।
২০০১ সালে আমেরিকা এবং তার মিত্রদের আগ্রাসনের পর থেকে আফগানিস্তানে মাদক উৎপাদন বেড়েছে দশগুণ।
করাচিতে ‘বার্ষিক জাতিসংঘ বিশ্ব মাদক প্রতিবেদন’ উন্মোচনের সময় সিজার গুয়েদেস বলেন, “ধীরে ধীরে এবং নিশ্চিতভাবে মাদক পাচারকারীরা পাকিস্তানে অবৈধ মাদকের একটি বাজার তৈরি করছে।”
রাজধানীর পরিবর্তে মহানগরীতে প্রতিবেদন প্রকাশের বিষয়ে ইউএনওডিসি’র পাকিস্তান বিভাগ যে সিদ্ধান্ত নিয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “করাচি হচ্ছে বৃহত্তম মাদক পরিবহন কেন্দ্র। মাদক ব্যবসা দমন করতে আমাদের আরো বৃহত্তর সম্পদ, দল গঠন ও বৃহত্তর প্রযুক্তিগত সম্পদ বরাদ্দ দেয়া প্রয়োজন।”
পাকিস্তান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের সচিব এজাজ আলী খান জানান, পাকিস্তান সরকার ২০১৫ সালে ২৫০ কোটি ডলার মূল্যের প্রায় ৩৪২ টন অবৈধ মাদকদ্রব্য জব্দ করেছে।
মাদকযুদ্ধে করাচি সবচেয়ে বেশি ভুগছে এবং এজন্য যে বিশেষ ব্যবস্থা নেয়া প্রয়োজন সে সম্পর্কে তিনি গুয়েদেসের সঙ্গে একমত প্রকাশ করেন। এজাজ আলী উল্লেখ করেন, পাকিস্তান সরকারও মাদকের বিরুদ্ধে পাল্টা কৌশল অবলম্বন করছে যাতে মাদকের চাহিদা ও সরবরাহ দমন এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫