চীন সীমান্তে ভারতের ক্ষেপণাস্ত্র: উদ্বেগ জানাল বেইজিং
https://parstoday.ir/bn/news/world-i18199-চীন_সীমান্তে_ভারতের_ক্ষেপণাস্ত্র_উদ্বেগ_জানাল_বেইজিং
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেইজিং আশা করছে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ভারত আরো তৎপর হবে; এর বিপরীত কোনো পদক্ষেপ নেবে না। বিরোধপূর্ণ চীন সীমান্তে ভারতের অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছে বেইজিং। পাশাপাশি চীন এ পরিকল্পনায় উদ্বেগও প্রকাশ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৫, ২০১৬ ২০:০৪ Asia/Dhaka
  • ব্রাক্ষ্মস ক্ষেপণাস্ত্র
    ব্রাক্ষ্মস ক্ষেপণাস্ত্র

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেইজিং আশা করছে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ভারত আরো তৎপর হবে; এর বিপরীত কোনো পদক্ষেপ নেবে না। বিরোধপূর্ণ চীন সীমান্তে ভারতের অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছে বেইজিং। পাশাপাশি চীন এ পরিকল্পনায় উদ্বেগও প্রকাশ করেছে।

ভারতীয় সেনা কর্মকর্তারা বলেছেন, চীন সীমান্তে মোতায়েন ভারতীয় রেজিমেন্টকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র দেয়ার পরিকল্পনা করা হয়েছে। রাশিয়া-ভারত যৌথভাবে এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। চীন সীমান্তে সামরিক ও বেসামরিক অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে ভারত।

ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে প্রশ্ন করা হলে মাসিক সংবাদ ব্রিফিংয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য দুদেশই গুরত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছিল। তিনি বলেন, এ অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতার জন্য ভারতীয় পক্ষ আরো পদক্ষেপ নেবে; এর বিপরীত কোনো পদক্ষেপ নেবে না বলে আশা করে চীন। 

হিমালয়ের পূর্বাঞ্চলে ভারত শাসিত ৯০ হাজার বর্গ কিলোমিটারের বেশি ভূখণ্ড চীন নিজের ভূমি হিসেবে দাবি করছে। অন্যদিকে ভারত বলছে, আকসাই চিন অঞ্চলে ৩৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা চীন দখল করে রেখেছে।# 

পার্সটুডে/মূসা রেজা/সিরাজুল ইসলাম/২৫