ইরানের সঙ্গে পাইপলাইন প্রকল্প অগ্রাধিকার পাওয়া উচিত- পাক অর্থনীতিবিদ
https://parstoday.ir/bn/news/world-i18355-ইরানের_সঙ্গে_পাইপলাইন_প্রকল্প_অগ্রাধিকার_পাওয়া_উচিত_পাক_অর্থনীতিবিদ
জ্বালানি সংকটে ভোগা পাকিস্তানের জন্য ইরান-পাকিস্তান বা আইপি গ্যাস পাইপলাইন প্রকল্প সবচেয়ে সম্ভাবনাময় ও টেকসই জ্বালানি প্রকল্প। এর কাজ স্বল্প সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ২৭, ২০১৬ ১৬:৫১ Asia/Dhaka
  • পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী ও খ্যাতিমান অর্থনীতিবিদ ড. হাফিজ পাশা
    পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী ও খ্যাতিমান অর্থনীতিবিদ ড. হাফিজ পাশা

জ্বালানি সংকটে ভোগা পাকিস্তানের জন্য ইরান-পাকিস্তান বা আইপি গ্যাস পাইপলাইন প্রকল্প সবচেয়ে সম্ভাবনাময় ও টেকসই জ্বালানি প্রকল্প। এর কাজ স্বল্প সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী ও খ্যাতিমান অর্থনীতিবিদ ড. হাফিজ পাশা এসব কথা বলেছেন। তিনি বলেন, ইরান-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত এ গ্যাস পাইপলাইন প্রকল্প।

তিনি বলেন, “যেহেতু পাকিস্তানের জন্য এই প্রকল্প সবচেয়ে সম্ভাবনাময় ও টেকসই সে কারণে এটি যত দ্রুত সম্ভব আবার চালু করতে হবে।”

আইপি গ্যাস পাইপলাইন প্রকল্প এক সময় ‘শান্তি পাইপলাইন’ বলে পরিচিত ছিল। এটি প্রায় ১,৯০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন প্রকল্প যা শেষ হওয়ার পর ইরান থেকে পাকিস্তানে প্রাকৃতিক গ্যাস পরিবহণ করা হবে। ইরান তার ভাগের কাজ প্রায় শেষ করে ফেলেছে এবং পাকিস্তানে গ্যাস পাঠানোর জন্য প্রস্তুত। ইরান এখন পাকিস্তান অংশের কাজ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে।  

হাফিজ পাশা বলেন, তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত (টিএপিআই), সিএএসএ-১০০০ এবং কাতার এলএনজি-সহ অন্য জ্বালানি প্রকল্পগুলোর মধ্যে আইপি-ই পাকিস্তানের জন্য সবচেয়ে মানানসই প্রকল্প। তিনি জানান, “আইপির মূল্যও খুব আকর্ষণীয় এবং পাকিস্তানের জন্য এই প্রকল্প প্রথমেই অগ্রাধিকার পাওয়া উচিত।”

এই অর্থনীতিবিদের মতে, পাকিস্তানের উচিত ইরানে চাল ও টেক্সটাইল পণ্য রপ্তানি এবং ইরান থেকে তেল এবং অন্যান্য পণ্য আমদানির দিকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সইয়ের চেষ্টা করা। তিনি বলেন, “যতদূর জানি ইরানের সঙ্গে এমন কোনো চুক্তি আমাদের নেই।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭