‘৫ মুসলিম দেশের নাগরিকদের হোটেল ভাড়া দেবেন না’
https://parstoday.ir/bn/news/world-i18382-৫_মুসলিম_দেশের_নাগরিকদের_হোটেল_ভাড়া_দেবেন_না’
চীনের গুয়াংঝু শহরের পুলিশ পাঁচটি মুসলিম দেশের নাগরিকদের অতিথিসেবা না দেয়ার জন্য সেখানকার হোটেলগুলোকে নির্দেশ দিয়েছে। শহরটির অন্তত তিনটি কম-দামী হোটেল কর্তৃপক্ষ বলেছে, তাদেরকে চলতি বছরের মার্চ মাসে পুলিশের পক্ষ থেকে জারি করার নির্দেশনামায় বলা হয়েছে, পাকিস্তান, সিরিয়া, ইরাক, তুরস্ক ও আফগানিস্তানের নাগিকরদের যেন হোটেলের কোনো কক্ষ ভাড়া দেয়া না হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০১৬ ০৩:৪৯ Asia/Dhaka
  • গুয়াংঝু শহরে পুলিশের নিরাপত্তা কড়াকড়ি
    গুয়াংঝু শহরে পুলিশের নিরাপত্তা কড়াকড়ি

চীনের গুয়াংঝু শহরের পুলিশ পাঁচটি মুসলিম দেশের নাগরিকদের অতিথিসেবা না দেয়ার জন্য সেখানকার হোটেলগুলোকে নির্দেশ দিয়েছে। শহরটির অন্তত তিনটি কম-দামী হোটেল কর্তৃপক্ষ বলেছে, তাদেরকে চলতি বছরের মার্চ মাসে পুলিশের পক্ষ থেকে জারি করার নির্দেশনামায় বলা হয়েছে, পাকিস্তান, সিরিয়া, ইরাক, তুরস্ক ও আফগানিস্তানের নাগিকরদের যেন হোটেলের কোনো কক্ষ ভাড়া দেয়া না হয়।

এসব হোটেলে এক রাত থাকার ভাড়া গড়ে প্রায় ২৩ ডলার। অবশ্য চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো নীতি নির্ধারণ বা নির্দেশ জারি করা হয়নি।

গুয়াংঝুর একটি হোটেলের একজন কর্মী টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “আমি এর কোনো কারণ জানি না। তবে এটা জানি ওই পাঁচ দেশের নাগরিকদেরকে আমরা কোনো রুম ভাড়া দিতে পারব না।”

অনুসন্ধানে দেখা গেছে, শুধুমাত্র শহরটির কম-দামী হোটেলগুলোকে এ নির্দেশ দিয়েছে পুলিশ। গত কয়েক বছর ধরে তুরস্ক ও পাকিস্তানে বহুবার সন্ত্রাসী হামলা হয়েছে। এ ছাড়া, সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে বিদেশি মদদে যুদ্ধ ও সহিংসতা চলছে।

হংকংয়ের ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ পত্রিকা জানিয়েছে, চলতি সপ্তাহে যখন গুয়াংঝুতে উন্নয়ন বিষয়ক একটি আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত হয়েছে তখন হোটেল সংক্রান্ত এ খবর প্রকাশিত হলো। এ ছাড়া আগামী সপ্তাহে চীনের হাংঝু শহরে জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে; যদিও হাংঝু শহরটি গুয়াংঝু থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে অবস্থিত।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেছেন, গুয়াংঝুতে এ ধরনের কোনো নির্দেশ জারি করার খবর তিনি জানেন না। তিনি বলেন, ‘চীনের কোথাও এ ধরনের নীতি বাস্তবায়নের খবর আমি পাইনি।’ কাং আরো দাবি করেন, বেইজিং সরকার বরং সারাবিশ্বের মানুষকে চীন সফরে উৎসাহিত করে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮