সিরতে শহর মুক্ত করার কাছে লিবিয়ার সেনাবাহিনী
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে লিবিয়ার উপকূলীয় সিরতে শহর মুক্ত করার কাছাকাছি পৌঁছেছে দেশটির ঐক্য সরকারের অনুগত সেনারা। লিবিয়ার একমাত্র এ শহরটি দায়েশ সন্ত্রাসীদের হাতে রয়েছে।
ঐক্য সরকারের সেনারা জানিয়েছে, তারা মাসব্যাপী অভিযানের শেষ পর্যায়ে রয়েছে এবং শহরের কেন্দ্রস্থলের প্রধান আবাসিক এলাকা সোমবার মুক্ত করেছে। সেনা মুখপাত্র রিদা ইসা জানিয়েছেন, তাদের সেনা-ব্রিগেড সিরতে শহরের শেষ দায়েশ সন্ত্রাসীকেও বিতাড়িত করার প্রক্রিয়ায় রয়েছে।
লিবিয়ার হাসপাতাল সূত্র জানিয়েছে, সন্ত্রাসীদের পেতে রাখা মাইনের বিস্ফোরণে অন্তত ছয় সেনা নিহত ও ১২ জন আহত হয়েছে।
রিদা ইসা জানান, সন্ত্রাসীরা সেনা অভিযানের গতি থামিয়ে দিতে মাইন, গাড়ি বোমা ও রকেট হামলা চালাচ্ছে। তবে, সেনাবাহিনী তাদের ট্যাংক এবং সাঁজোয়া গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে। সিরতে শহর থেকে নারী ও শিশুদের বের হওয়ার সুযোগ দিতে গত সপ্তাহে সেনাবাহিনী অভিযান সাময়িকভাবে বন্ধ রেখেছিল। এরপর চূড়ান্ত পর্যায়ের অভিযান শুরু করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০