পাকিস্তানে দুই বোমা হামলা: ১৭ নিহত, আহত ৫২
আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার-পাকতুনখোয়া প্রদেশে আজ (শুক্রবার) আলাদা দুটি বোমা হামলায় অন্তত ১৭ নিহত এবং ৫২ জন আহত হয়েছে। পাকিস্তানের তালেবান দুটি হামলারই দায়িত্ব স্বীকার করেছে।
পাকতুনখোয়ার প্রাদেশিক রাজধানী পেশোয়ারে আজ প্রথম হামলা চালানো হয়। এতে এক বেসামরিক নাগরিক এবং চার আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছে। ওই এলাকার খ্রিস্টান কলোনি এ হামলার লক্ষ্য ছিল।
কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় হামলাটি চালানো হয় মারদান নগরীতে। জেলা আদালত ভবন লক্ষ্য করে চালানো এ হামলায় ১২ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ছয় আইনজীবী এবং দুই পুলিশ রয়েছে।
মারদানের প্রধান উদ্ধারকারী কর্মকর্তা বলেন, প্রথমে একটি ছোট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং তারপরই প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। তিনি ১২টি লাশ এবং ৫২ জন আহত ব্যক্তিকে উদ্ধারের কথা জানিয়েছেন।
আত্মঘাতী হামলাকারী মারদান আদালতের প্রধান ফটকে প্রথম একটি হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে দেয়; তারপরই নিজ দেহে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়।
পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে রেখেছে। এছাড়া স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান কঠোর ভাষায় এ হামলার নিন্দা করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি শোক ও সহানুভূতি জানিয়েছেন।
পাকিস্তান তালেবানের জামাত-উর-আহরার অংশ আজকের ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/২