পেশোয়ারে বোমা হামলাকারীরা সবাই বিদেশি: পাক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমান নির্ভর দাবি
https://parstoday.ir/bn/news/world-i19069-পেশোয়ারে_বোমা_হামলাকারীরা_সবাই_বিদেশি_পাক_স্বরাষ্ট্রমন্ত্রীর_অনুমান_নির্ভর_দাবি
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান দাবি করেছেন, খাইবার পাকতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের খ্রিস্টান কলোনিতে আত্মঘাতী বোমা হামলায় জড়িতরা সবাই বিদেশি নাগরিক। গতকাল এ হামলা চালানো হয়েছিল। এতে একজন বেসামরিক নাগরিক এবং চার আত্মঘাতী হামলাকারী নিহত হয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০১৬ ১২:৩৫ Asia/Dhaka
  • পেশোয়ারে বোমা হামলাকারীরা সবাই বিদেশি: পাক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমান নির্ভর দাবি

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান দাবি করেছেন, খাইবার পাকতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের খ্রিস্টান কলোনিতে আত্মঘাতী বোমা হামলায় জড়িতরা সবাই বিদেশি নাগরিক। গতকাল এ হামলা চালানো হয়েছিল। এতে একজন বেসামরিক নাগরিক এবং চার আত্মঘাতী হামলাকারী নিহত হয়।

তবে হামলাকারীরা কোন দেশের নাগরিক তা এখনো নির্ধারণ করা যায় নি বলেও উল্লেখ করেন তিনি। তবে কোন দেশের নাগরিক তা নির্ধারণ না করেই তিনি কীভাবে নিশ্চিত হলেন যে হামলাকারীরা বিদেশি ছিল তা স্পষ্ট নয়। পাকিস্তানি রাজনীতিদদের এরকম আন্দাজ-অনুমানে কথা বলার পুরনো অভ্যাস রয়েছে।

মারদানে এক সংবাদ সম্মেলনে নিসার খান বলেন, পেশোয়ারের তিন থেকে চারটি স্থানে হামলা হতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছিল। এ দিকে, গতকাল কয়েক ঘণ্টার ব্যবধানে একই প্রদেশের মারদান নগরীর জেলা আদালত ভবনে বোমা হামলা চালানো হয়। এতে ১৪ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছিল।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী একটি কঠিন যুদ্ধে জয়ী হয়েছে উল্লেখ করে পাক স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তবে সন্ত্রাসকে পুরোপুরি নির্মূল করার জন্য আরো কাজ বাকি রয়ে গেছে। তিনি বলেন, পাকিস্তানে আগে একদিন পরপর বোমা হামলা হতো এখন তা মাসে একবার হচ্ছে।

এতেও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে যায় নি বলে স্বীকার করেন তিনি। নিসার খঅন বলেন, সন্ত্রাসবাদের অর্থ যোগানদাতাদের খুঁজে বের করে বিচার করার কাজ বাকি রয়ে গেছে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৩