ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের ’অমানবিক’ পরিস্থিতি বন্ধ করতে হবে: মালালা
পাকিস্তানের নোবেল পুরস্কার বিজয়ী কিশোরী মালালা ইউসুফজাই ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের ’অমানবিক’ ও ’হৃদয়বিদারক’ পরিস্থিতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এ পরিস্থিতি বন্ধে আন্তর্জাতিক সমাজ, পাকিস্তান এবং ভারতকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
নারী শিক্ষা আন্দোলনকারী এবং মানবাধিকার কর্মী মালালা বলেন, বিশ্বের অন্যান্য স্থানের মানুষের মতো কাশ্মিরিদেরও মৌলিক মানবাধিকার ভোগ করার অধিকার রয়েছে। নির্যাতনের আতংক মুক্ত হয়ে অবাধ ও স্বাধীনভাবে তাদের জীবন যাপন করতে দেয়া উচিত।
কাশ্মিরে যে বিভ্রান্তি চলছে তা দূর করার লক্ষ্যে একযোগে জরুরি ভিত্তিতে কাজ করতে জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়, পাকিস্তান ও ভারতের প্রতি আহ্বান জানান মালালা। কাশ্মিরের মানুষকে তাদের প্রাপ্য সম্মান, মর্যাদা এবং স্বাধীনতা দিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
তিনি সব সময় কাশ্মিরের মানুষের পাশে রয়েছেন উল্লেখ করে মালালা বলেন, এক কোটি ৪০ লাখ কাশ্মীরি ভাইবোন তার হৃদয়ে ঠাঁই করে নিয়েছে।
ভারতীয় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে হিজবুল মজাহেদিনের তরুণ এবং জনপ্রিয় কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়াকে কেন্দ্র করে জুলাই মাসের ৮ তারিখ থেকে কাশ্মিরে চলমান নজিরবিহীন বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। এতে এ পর্যন্ত ৭০ জনের বেশি নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৭