অস্ট্রেলিয় জঙ্গির মৃত্যুর খবর জানিয়েছে দায়েশ
-
অস্ট্রেলিয় জঙ্গি এজ্জিত রা’দ (ফাইল ছবি)
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ জানিয়েছে, সিরিয়ায় সরকারি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে তাদের একজন অস্ট্রেলিয় জঙ্গি নিহত হয়েছে। ২০০৫ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বোমা হামলার পরিকল্পনাকারী ছিল নিহত ওই জঙ্গি। দায়েশ তাদের ইংরেজি-ভাষার নতুন একটি ম্যাগাজিনে অস্ট্রেলিয়ার এ সন্ত্রাসীর নিহত হওয়ার খবর দিয়েছে।
দায়েশের অনলাইন প্রচারণা ম্যাগাজিন ‘রুমাইয়া’তে বলা হয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরীর কাছে মানবিজ শহরের যুদ্ধে এজ্জিত রা’দ নিহত হয়েছে। সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার দায়ে অস্ট্রেলিয়ায় কারাভোগ করার পর রা’দ মধ্যপ্রাচ্যে এসেছিল।
দায়েশের ম্যাগাজিন ‘রুমাইয়া’র প্রথম সংস্করণ সোমবার প্রকাশিত হয়। এতে লেবাননি বংশোদ্ভূত অস্ট্রেলিয় জঙ্গি রা’দের সংক্ষিপ্ত জীবনী ছাপা হয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠীতে রা’দকে আবু মানসুর আল-মুহাজির নামেও ডাকা হতো। রা’দের জীবনীতে পশ্চিমা দেশগুলোতে হামলা চালানোর জন্য নিজ সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে দায়েশ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল গত সপ্তাহে বলেছিলেন, ইরাক ও সিরিয়ায় কথিত জিহাদ করতে গিয়ে এ পর্যন্ত তার দেশের অন্তত ৬০ নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া, জঙ্গি গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়ার সন্দেহে বিদেশ ফেরত প্রায় ২০০ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, ২০১৪ সালে সন্ত্রাসী হামলার সতর্কতা বাড়ানোর পর তার দেশে ১০টি জঙ্গি হামলার পরিকল্পনা নস্যাত করে দেয়া হয়েছে। তবে সতর্কতা সত্ত্বেও তিনটি হামলা সংঘটিত হয়েছে যেগুলোর একটিতে সিডনির একজন পুলিশ কর্মী নিহত হয়।
অস্ট্রেলিয়াসহ পশ্চিমা দেশগুলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার কাজে সহায়তা করার জন্য প্রথমদিকে তাদের দেশগুলো থেকে সিরিয়ায় জঙ্গিদের যাতায়াতের পথ উন্মুক্ত রেখেছিল। কিন্তু এসব জঙ্গি নিজেদের দেশে ফিরে গিয়ে সন্ত্রাসী হামলা শুরু করার পর পাশ্চাত্যের টনক নড়ে এবং তারা উপলব্ধি করে, প্রেসিডেন্ট আসাদ জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে কথা বলছেন তা অমুলক নয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭