পাকিস্তানের পরমাণু সম্পদ সন্ত্রাসীদের থেকে নিরাপদ: পাক পররাষ্ট্রসচিব
https://parstoday.ir/bn/news/world-i19639-পাকিস্তানের_পরমাণু_সম্পদ_সন্ত্রাসীদের_থেকে_নিরাপদ_পাক_পররাষ্ট্রসচিব
পাকিস্তান একটি দায়িত্বশীল পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং এর পারমাণবিক সম্পদ সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ- একথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ আহমদ চৌধুরী।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ১৬:৪৯ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ আহমদ চৌধুরী
    পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ আহমদ চৌধুরী

পাকিস্তান একটি দায়িত্বশীল পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং এর পারমাণবিক সম্পদ সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ- একথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ আহমদ চৌধুরী।

ইসলামাবাদে সেন্টার ফর ইন্টার‌ন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ বা সিআইএসএস আয়োজিত ‘দক্ষিণ এশিয়ার পরমাণু নিরাপত্তা মূল্যায়ন’ শীর্ষক সম্মেলনে দেয়া এক বক্তৃতায় তিনি একথা বলেছেন। পররাষ্ট্রসচিবের বরাত দিয়ে রেডিও পাকিস্তান এ খবর দিয়েছে।

আইজাজ আহমদ বলেন, “পাকিস্তানের পরমাণু সম্পদ সুরক্ষিত এবং একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ‘পাকিস্তান পরমাণু নিয়ন্ত্রক কর্তৃপক্ষ’ এর নিয়মিত তদারকি করে থাকে।”তিনি দাবি করেন, ইসলামাবাদ ছিল আন্তর্জাতিক পর্যায়ে পরমাণু নিরস্ত্রীকরণের জোরালো সমর্থক এবং সব বিবাদের বন্ধুত্বপূর্ণ সমাধানে ইসলামাবাদ এটি বিশ্বাস করে। তিনি বলেন, “পারমাণবিক শক্তি হিসেবে আন্তর্জাতিক বাধ্যবাধকতার বিষয়ে পাকিস্তান আগেও প্রতিশ্রুতি মেনে চলেছে এবং ভবিষ্যতেও মেনে চলবে।”

‘নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপ’ বা এনএসজি-তে দেশটির সদস্যপদ নিয়ে আইজাজ আহমদ বলেন, “পাকিস্তান এ গ্রুপের সদস্যপদের জন্য যোগ্যতা অর্জন করেছে।” তিনি আশা করেন, রাজনৈতিক ও বাণিজ্যিক উদ্দেশ্য এনএসজি-তে পাকিস্তানের সদস্যপদ পাওয়ার পথে বাধা সৃষ্টি করবে না।”

বৈষম্যমূলক আচরণের কারণে যেহেতু পুরো অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন হচ্ছে সে কারণে পারমাণবিক ও প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে আমেরিকাকে বৈষম্যমূলক আচরণ পরিহার করার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের এ কর্মকর্তা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮