ওজন কমাতে, ডায়াবেটিস ঠেকাতে সহায়তা করে ফলের রাজা আম
ফলের রাজা হিসেবে পরিচিত আম ওজন কমাতে এবং টাইপ টু ডায়াবেটিস ঠেকাতে সহায়তা করে বলে চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন। তাই একে সুপার ফুড বা মহাখাদ্য হিসেবে গণ্য করছেন বিজ্ঞানীরা। এর আগে, নানা ভেষজ গুণ থাকায় শরবতি লেবু এবং আনারস মহাখাদ্যের তালিকাভুক্ত হয়েছে।
অন্ত্রে বন্ধুভাবাপন্ন অনেক ব্যাকটেরিয়া বাস করে। ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং ডায়াবেটিস ঠেকাতে সহায়তা করে এ সব অণুজীব। আমসহ মহাখাদ্য হিসেবে বিবেচিত খাবার অণুজীবের এমন তৎপরতাকে জোরালো করে।
উচ্চমাত্রায় তেল বা চর্বি সমৃদ্ধ খাবার-দাবার খেলে অন্ত্র থেকে বন্ধুভাবাপন্ন এ সব অণুজীবের সংখ্যা কমতে থাকে। কিন্তু আম খেলে এ সব অণুজীবের সংখ্যা কমানোর প্রকোপ ঠেকানো যায় বলে চিকিৎসা সমীক্ষায় দেখা গেছে।
চিকিৎসা সমীক্ষা চালিয়েছে ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি। ৬০ ইঁদুরের ওপর ১২ সপ্তাহ ধরে এ সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে জার্নাল অব নিউট্রিশন।
এখানে উল্লেখ্য, খাদ্য বা ওষুধ নিয়ে চিকিৎসা সমীক্ষা বা গবেষণার ফলাফল কখনোই চিকিৎসকের উপদেশের বা ব্যবস্থাপত্রের বিকল্প হতে পারে না। এ সব গবেষণা বা সমীক্ষা নতুন আবিষ্কারের ইংগিত দেয় মাত্র। কিন্তু এখনো এ সব বিষয় সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়ে চিকিৎসা-গ্রন্থে স্থান করে নেয় নি।
তাই খাবার-দাবার বা ওষুধ নিয়ে চিকিৎসকের মতামতকে মেনে চলা প্রতিটি রোগীর দায়িত্ব। না হলে মারাত্মক স্বাস্থ্য বিপর্যয় দেখা দিতে পারে- এ সাধারণ কথাটি আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত হবে না।#
পার্সটুডে/মূসা রেজা/১৩