শরণার্থী শিশুদের জন্য সহানুভূতি চাই না, কার্যকর পদক্ষেপ নিন: মালালা
-
মালালা ইউসুফজাই
পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকারী এবং মানবাধিকার কর্মী নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই শরণার্থী শিশুদের জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি শিশুদের স্কুলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন। শরণার্থী বিষয়ক জাতিসংঘ শীর্ষ সম্মেলনের আগে বিশ্ব নেতাদের প্রতি এ আহ্বান জানালেন তিনি।
শরণার্থী ও অভিবাসীদের নিয়ে শরণার্থী বিষয়ক শীর্ষ সম্মেলন আগামী ১৯ সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে। এতে মৌখিক সহানুভূতি জানাতে ব্যাপক সময় নষ্ট না করে শরণার্থীদের জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশ্বে বর্তমানে ৪০ লাখ শিশুসহ প্রায় দুই কোটি ১৩ লাখ মানুষ শরণার্থী রয়েছে। তিনি বলেন, শরণার্থী সংকট সমাধানে যেকোনো স্বল্পকালীন সমাধান বাতিল করতে হবে। এছাড়া, শরণার্থী মেয়ে শিশুদের দুর্দশার প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মালালা বলেন, স্কুলে যাওয়ার সুযোগ বঞ্চিত এসব মেয়েকে জোর করে বিয়ে দেয়া হয়, আর না হয় শিশু শ্রমিক হিসেবে নিয়োগ করা হয়। প্রতিটি শরণার্থী শিশু যেন ১২ বছর লেখাপড়া সুযোগ পায় তা নিশ্চিত করার আহ্বান জানান মালালা।#
পার্সটুডে/মূসা রেজা/১৪