জাতিসংঘের ভাষণ নিয়ে আলোচনার জন্য কাশ্মিরি নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন নওয়াজ
-
নওয়াজ শরীফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্স এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের নেতাদের সঙ্গে বৈঠকে করবেন।

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ভাষণের বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে পাক সংবাদ মাধ্যম জানিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নওয়াজ শরীফের যোগ দেয়ার জন্য আমেরিকা যাওয়ার আগে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ পরিষদের অধিবেশনে চলতি মাসের ২১ তারিখে ভাষণ দেবেন নওয়াজ।
আজ (শুক্রবার) কাশ্মিরি নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন নওয়াজ। তিনি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আইনপ্রণেতাদের এবং হুররিয়াতের আজাদ কাশ্মির শাখার নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন। আজাদ কাশ্মিরের রাজধানী মোজাফফরাবাদে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার বলেছেন, নওয়াজের পদক্ষেপ নিয়ন্ত্রণ রেখার দুপাশে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
জুলাইয়ের ৮ তারিখে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত এনকাউন্টারে হিজবুল মুজাহিদীনের জনপ্রিয় কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়াকে কেন্দ্র করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নজিরবিহীন বিক্ষোভ প্রতিবাদ চলেছে। এতে এ পর্যন্ত অন্তত ১০০ মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছে।
জাতিসংঘ মানবাধিকার সংস্থা কাশ্মিরের অবনতিশীল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে। কাশ্মির পরিস্থিতি যাচাই করে দেখার জন্য স্বতন্ত্র, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক কমিটি গঠনের আহ্বানও জানিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৬