পৃথিবীর নিম্নকক্ষে দ্বিতীয় মহাকাশ গবেষণাগার বসালো চীন
চীন সফল ভাবে পৃথিবীর নিম্নকক্ষে দ্বিতীয় মহাকাশ গবেষণাগার তিয়ানগোং-২ স্থাপন করেছে। মহাকাশে চীনের স্থায়ী স্টেশন নির্মাণের উচ্চাভিলাষী প্রকল্পের অংশ হিসেবে তিয়ানগোং-২কে স্থাপন করা হয়। বর্তমানে মহাকাশে তৎপর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে আগামী দশকে পরিত্যাগ করা হবে। সে সময়ে একমাত্র চীনের স্থায়ী মহাকাশ স্টেশনই পৃথিবীর কক্ষপথে তৎপর থাকবে বলে ধারণা করা হচ্ছে।
চীনের দক্ষিণপশ্চিমে অবস্থিত গোবি মরুভূমির জিউকুয়ান উপগ্রহ কেন্দ্র থেকে তিয়ানগোং-২কে ছোঁড়া হয়। উৎক্ষেপণের জন্য লংমার্চ-২এফটিএফ রকেট ব্যবহার করা হয়েছে। উপগ্রহ কেন্দ্র থেকে ছোঁড়ার ৫৭৫ সেকেন্ডের মধ্যে এটি পূর্ব নির্ধারিত কক্ষপথে পৌঁছে যায়।
৮.৬ টন ওজনের চীনা মহাকাশ গবেষণাগারটি ৩৮০ কিলোমিটার উপর দিয়ে পৃথিবীর কক্ষপথে ঘুরবে। অবশ্য প্রাথমিক পরীক্ষা চালানোর কাজ শেষ করার পর তিয়ানগোং-২কে ৩৯৩ কিলোমিটার উচ্চতার কক্ষপথে স্থাপন করা হবে।
চীনা মহাকাশ গবেষণাগারটি যে সব পরীক্ষা চালাবে তার মধ্যে মহাকাশে জীবন রক্ষাকারী ব্যবস্থার কার্যকারিতা, উপগ্রহ রক্ষণাবেক্ষণ এবং মেরামত সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। এ মহাকাশ গবেষণাগারে দুই নভোচারী ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। এ ছাড়া, মানুষ এবং মালবাহী উভয় ধরণের মহাকাশযানকে গ্রহণ করতে পারবেন তারা। আগামী মাসে এটি প্রথম পরীক্ষা-নিরীক্ষা চালানো সংক্রান্ত তৎপরতা শুরু করবে বলে কথা রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/ ১৬