‘পাকিস্তানকে সমর্থন দেবে চীন’
https://parstoday.ir/bn/news/world-i21025-পাকিস্তানকে_সমর্থন_দেবে_চীন’
বিদেশি আগ্রাসনের মুখে পাকিস্তানকে দৃঢ় সমর্থন দেয়ার কথা ঘোষণা করেছে চীন। সীমান্তে ভারতের সঙ্গে পাকিস্তানের যখন টান টান সামরিক উত্তেজনা বিরাজ করছে তখন চীনের পক্ষ থেকে এ ঘোষণা এল। এর পাশাপাশি কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে চীন। পাঞ্জাবের মুখমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশ করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৬ ০৭:০৮ Asia/Dhaka
  • ‘পাকিস্তানকে সমর্থন দেবে চীন’

বিদেশি আগ্রাসনের মুখে পাকিস্তানকে দৃঢ় সমর্থন দেয়ার কথা ঘোষণা করেছে চীন। সীমান্তে ভারতের সঙ্গে পাকিস্তানের যখন টান টান সামরিক উত্তেজনা বিরাজ করছে তখন চীনের পক্ষ থেকে এ ঘোষণা এল। এর পাশাপাশি কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে চীন। পাঞ্জাবের মুখমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশ করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

পাঞ্জাবে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ইউ বোরেন বলেছেন, “বিদেশি আগ্রাসনের মুখে আমাদের দেশ পাকিস্তানকে পূর্ণ সমর্থন দেবে।” পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে গতকাল লাহোরে এক বৈঠকে চীনের পক্ষ থেকে এ বার্তা পৌঁছে দেন বোরেন।

বোরেন তার ভাষায় বলেছেন, “কাশ্মির ইস্যুতে আমরা পাকিস্তানের পক্ষে আছি এবং পাশেই থাকব। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের নিরস্ত্র জনগণের ওপর এ ধরনের নৃশংসতার কোনো যৌক্তিকতা থাকতে পারে না এবং কাশ্মিরের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাশ্মির সমস্যার সমাধান হতে হবে।”

শাহবাজ শরীফের ৬৫তম জন্মদিন উপলক্ষে বোরেন তার সঙ্গে সাক্ষাৎ করেন তবে কাশ্মির ইস্যুসহ চীন-পাকিস্তান যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো নিয়েও তারা কথা বলেন। এসময় চীনা কূটনীতিক বলেছেন, আন্তর্জাতিক সব অঙ্গনে পাকিস্তানকে সমর্থন দিয়ে আসছে বেইজিং এবং ইসলামাবাদের জন্য সব ধরনের সমর্থন অব্যাহত থাকবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪