উ. কোরিয়া ইস্যুতে চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ
-
মার্কিন অর্থ মন্ত্রণালয়
উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখার অভিযোগে চীনের চার ব্যক্তি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ এবং আইন মন্ত্রণালয়। গতকাল (সোমবার) মার্কিন সরকার এ ব্যবস্থা নিয়েছে। মন্ত্রণালয় দুটি বলেছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে সহযোগিতা করে আসছিল।
ইরানের প্রেস টিভির খবরে বলা হয়েছে- নিষেধাজ্ঞা এড়িয়ে উত্তর কোরিয়ায় মানি লন্ডারিংয়ের জন্য মা জিয়াওহং নামে এক নারী ও তার বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ড্যানডং হংজিয়াংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলছে, চীনের এ ব্যবসা প্রতিষ্ঠানটি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচিতে অর্থ সহায়তা দিয়ে আসছিল। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ড্যানডং কোম্পানি উত্তর কোরিয়ার সঙ্গে ৫৩ কোটি ডলারের ব্যবসা করেছে।
মার্কিন প্রশাসন বলছে, উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার উন্নয়ন, পরমাণু অস্ত্রের নকশা এবং তা তৈরি ও পরীক্ষার জন্য এ অর্থই যথেষ্ঠ।
গত ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়া পঞ্চম দফা পরমাণু বোমা পরীক্ষা করার পর আমেরিকা এ ব্যবস্থা নিল। মার্কিন চাপের মুখে উত্তর কোরিয়া বলেছে, আমেরিকার সামরিক আগ্রাসন ঠেকানোর একমাত্র উপায় হচ্ছে পরমাণু বোমার তৈরি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭