বাবা-মাকে খুনের ঘটনা ধামাচাপা দিতে ১৭ প্রতিবেশীকে হত্যা
চীনের এক যুবক বাবা-মা’কে হত্যা করার পর সে ঘটনার ১৭ প্রত্যক্ষদর্শীকেও খুন করেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা শিনহুয়া এ খবর জানিয়েছে।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউন্নান প্রদেশের একটি দূরবর্তী গ্রামে বুধবার এ পৈশাচিক হত্যাকাণ্ড ঘটে। ২৫ বছরের যুবক ইয়াং কিংপেই প্রথমে টাকা-পয়সা নিয়ে বাক-বিতণ্ডার জের ধরে নিজের বাবা-মাকে হত্যা করে।
এরপর হত্যাকাণ্ডের কোনো সাক্ষী না রাখার সিদ্ধান্ত নেয় এবং একে একে ১৭ জন প্রতিবেশীকে খুন করে। নিহত প্রতিবেশীরা ছয়টি পরিবারের সদস্য। হতভাগ্য এসব মানুষের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স ৭২ এবং সবচেয়ে ছোটজনের বয়স মাত্র তিন বছর।
কিংপেইকে বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী কুনমিং থেকে আটক করেছে পুলিশ। কী ধরনের অস্ত্র দিয়ে সে এসব পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়েছে তা খবরে উল্লেখ করা হয়নি। চীনে এ ধরনের গণ-হত্যাকাণ্ড খুবই বিরল। এ ছাড়া, দেশটিতে একজন মানুষকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করতেও বেশ বেগ পেতে হয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১