ব্রহ্মপুত্র বাঁধে ভারতের কোনো ক্ষতি হবে না: চীনের দাবি
-
ব্রহ্মপুত্র বাঁধ (ফাইল ফটো)
ব্রহ্মপুত্র নদের তিব্বত অংশে বাঁধ নির্মাণ করলে ভাটির দেশ ভারতের ওপর কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছে চীন। ধারণা করা হচ্ছে- সম্প্রতি ব্রহ্মপুত্র নদের তিব্বত অংশে বাঁধ নির্মাণকে ঘিরে ভারতজুড়ে যে আশংকা তৈরি হয়েছে তা দূর করতেই মূলত এমন বক্তব্য দিয়েছে বেইজিং। ভারতীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি’র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সম্প্রতি পাকিস্তানকে চাপে রাখতে সিন্ধু নদীতে জলবিদ্যুৎ প্রকল্প জোরদার করার কথা বলে পানি বণ্টন চুক্তি বাতিলের হুমকি দিয়েছে ভারত। নয়াদিল্লির পক্ষ থেকে এমন কথা বলার কয়েকদিন পর চলতি মাসের প্রথম দিকে চীন ব্রহ্মপুত্র নদের পানি বন্ধ করে দেয়। চীন দাবি করছে, ২০১৪ সালে শুরু হওয়া অন্যতম ব্যয়বহুল জলবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে চলতি মাসের শুরুতে ব্রহ্মপুত্রের পানি বন্ধ করেছে বেইজিং। তবে, পাকিস্তানের বিরুদ্ধে তীব্র লড়াইয়ে ভারতের অনেকদূর এগিয়ে যেতে চাওয়ার বিরুদ্ধে চীনের এ পদক্ষেপকে হুঁশিয়ারি হিসেবেই দেখেছে দিল্লি।
বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ সম্পর্কে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআই’র এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাঁধটি একটি গুরুত্বপূর্ণ অর্থকরী প্রকল্প যা তিব্বতের খাদ্য নিরাপত্তা ও বন্যা মোকাবেলায় দরকার ছিল।
চীন জানায়, ব্রহ্মপুত্র থেকে উৎপত্তি হওয়া শিয়াবুকু নদীর উপর লালহো বাঁধ নির্মাণ করা হবে যা সম্পূর্ণ চীনের অংশে অবস্থিত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “প্রকল্পের জলাধারের ধারণ ক্ষমতা ইয়ারলুঙ জাংবোর (ব্রহ্মপুত্রের তিব্বতি নাম) গড় বার্ষিক পানির ০.০২ শতাংশেরও কম। কাজেই ভাটির দিকে এর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯