রাশিয়ার সাইবার হামলার ‘সমানুপাতিক জবাব’ দেয়া হবে: আমেরিকা
-
সংবাদ ব্রিফিংয়ে জোশ আর্নেস্ট (ফাইল ফটো)
হোয়াইট হাউজের মুখপাত্র বলেছেন, আমেরিকার ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি বা ডিএনসি এবং অন্য রাজনৈতিক সংস্থার কম্পিউটারে রাশিয়ার সাইবার হামলার ‘সমানুপাতিক জবাব’ দেয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বিমানে সফরকারী সাংবাদিকদের এ কথা বলেন হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট। তিনি আরো বলেন, মার্কিন জবাব যেন ‘সমানুপাতিক’ হয় তা নিশ্চিত করা হবে। তবে, আমেরিকা এ জবাব দেয়ার কথা আগে ভাগে জানাবে না।
এর আগে, মার্কিন জাতীয় গোয়েন্দা ও হোমল্যান্ড সিকিউরিটি এক যৌথ বিবৃতিতে বলেছে, “রাশিয়ার হ্যাকাররা আমেরিকার ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি বা ডিএনসি এবং অন্য রাজনৈতিক সংস্থার কম্পিউটার হ্যাক করেছে। এ ঘটনায় রুশ সরকার সরাসরি জড়িত।”
সাইবার হামলার অভিযোগকে মার্কিন নোংরা কৌশল হিসেবে মন্তব্য করেছেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রিয়াবকভ বলেন, “মার্কিন নির্বাচনী প্রচারণায় রুশ হ্যাকারদের নিয়ে উন্মাদনা তৈরি করে বর্তমান প্রশাসনও সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং এ নোংরা প্রতিযোগিতায় অংশ নিতে তাদের মোটেই অনীহা নেই।”
এর আগেও সাইবার হামলার বিষয়ে মার্কিন অভিযোগকে বহুবার পরিষ্কার ভাষায় নাকচ করেছে রাশিয়া।#
পার্সটুডে/মূসা রেজা/১২