ফিলিপাইনের মাদক বিরোধী লড়াইয়ের প্রতি সমর্থন জানাল চীন
-
প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ফিলিপাইনের মাদক বিরোধী লড়াইকে সমর্থন করছে তার দেশ। মাদক বিরোধী লড়াইয়ে দক্ষিণ এশিয়ার দেশটিকে চীন সহযোগিতা করবে বলেও ঘোষণা করেন তিনি।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মাদক বিরোধী লড়াইকে অগ্রাধিকার দেয়ার নীতি বুঝতে পেরেছে চীন। এর প্রতি চীনের সমর্থন রয়েছে বলেও ঘোষণা করেন তিনি।
দুতের্তে চলতি মাসের ১৮ থেকে ২১ তারিখ পর্যন্ত সরকারি সফরে চীন যাওয়ার পরিকল্পনা করেছেন। সে সময়ে চীনা প্রেসিডেন্ট শি জিয়াপিং’এর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।
চীন সফরের সময়ে মাদক বিরোধী তৎপরতায় দুতের্তে অংশ গ্রহণ করবেন বলে জানান গেং। এ সফরের বিষয়ে উভয় দেশ বর্তমানে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে বলেও জানান তিনি।
এ ছাড়া, তিনি আরো বলেন, উভয় দেশের মাদক দমন বিভাগ পারস্পারিক সহযোগিতার বিষয় খতিয়ে দেখছে। এ সংক্রান্ত ফলাফল সত্বর পাওয়া যাবে বলেও ঘোষণা করেন তিনি।
এদিকে এর আগে প্রেসিডেন্ট দুতের্তে বলেছিলেন, ফিলিপাইনের মাদক-বিরোধী অভিযানে যদি নাখোশ হয়ে থাকে তবে ম্যানিলাকে দেয়া সহায়তা বাতিল করতে পারে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের কাছে ফিলিপাইন সহায়তা ভিক্ষা করবে না বলে ঘোষণা করেন তিনি ।
ফিলিপাইনের চলমান মাদক-বিরোধী অভিযানের বিষয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনার জবাবে এসব কথা বলেছিলেন দুতের্তে।
ফিলিপাইন থেকে কঠোর হাতে মাদক সমস্যা নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করে মে মাসে নির্বাচনে বিজয়ী হন তিনি। জুন মাসের ৩০ তারিখে শুরু হওয়া মাদক বিরোধী অভিযানে ফিলিপাইনে প্রায় ২৩০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে মাদক বিরোধী অভিযানে ১৫৬৬ সন্দেহভাজন মাদক পাচারকারী রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৪