‘রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন সাইবার হামলার পরিকল্পনা করছে সিআইএ’
https://parstoday.ir/bn/news/world-i23011-রাশিয়ার_বিরুদ্ধে_নজিরবিহীন_সাইবার_হামলার_পরিকল্পনা_করছে_সিআইএ’
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন সাইবার হামলার পরিকল্পনা করছে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। ডেমোক্র্যাটিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বা ডিএনসি'সহ আরো কয়েকটি রাজনৈতিক সংস্থার কম্পিউটারে রাশিয়ার কথিত সাইবার হামলার জবাবে এ হামলা চালানো হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ১৫, ২০১৬ ০৮:১১ Asia/Dhaka
  • ‘রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন সাইবার হামলার পরিকল্পনা করছে সিআইএ’

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন সাইবার হামলার পরিকল্পনা করছে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। ডেমোক্র্যাটিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বা ডিএনসি'সহ আরো কয়েকটি রাজনৈতিক সংস্থার কম্পিউটারে রাশিয়ার কথিত সাইবার হামলার জবাবে এ হামলা চালানো হবে।

মার্কিন টিভি চ্যানেল এনবিসি বলেছে, রাশিয়াকে ‘লজ্জাকর’ অবস্থায় ফেলে দেয়ার মতো ‘গোপন’ সাইবার হামলার পরিকল্পনা করতে সিআইএকে নির্দেশ দেয়া হয়েছে। এ সব বিষয়ে সরাসরি অভিজ্ঞতা আছে এমন সাবেক এবং বর্তমান মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে এনবিসি।

অবশ্য, সাইবার হামলার প্রকৃতি কী হবে সে বিষয়ে খবরে কিছু উল্লেখ  করা হয় নি। কিন্তু সিআইএ লক্ষ্যবস্তু নির্ধারণসহ এ ধরনের সাইবার অভিযানের জন্য যথাযথ প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছে।

এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন, সিআইএ'র হ্যাকাররা এরইমধ্যে কিছু গুরুত্বপূর্ণ রুশ নথি হাতিয়ে নিতে পেরেছে। এ সব নথির ভিত্তিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যাবে বলে দাবি করেন তিনি।

আমেরিকার সরকারি উদ্যোগে ক্রেমলিনের বিরুদ্ধে চালানো সাইবার হামলার প্রধান লক্ষ্য প্রেসিডেন্ট পুতিন। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ কথা স্পষ্ট ভাষায় বলেছেন অবসরপ্রাপ্ত মার্কিন অ্যাডমিরাল জেমস স্টাভারদিস। তিনি এর আগে রুশ ইন্টারনেট নেটওয়ার্কে সাইবার হামলা করে পুতিনের কথিত বেআইনি অর্থনৈতিক লেনদেন ফাঁস করে দেয়ার আহ্বান জানিয়েছিলেন।#

পার্সটুডে/মূসা রেজা/১৫