আমেরিকা বিশ্বের জন্য নজিরবিহীন হুমকি সৃষ্টি করছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i23092-আমেরিকা_বিশ্বের_জন্য_নজিরবিহীন_হুমকি_সৃষ্টি_করছে_রাশিয়া
মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে ‘নজিরবিহীন উপায়ে’ হুমকি দিচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। দেশটি এর বিরুদ্ধে ‘সতর্কতামূলক পদক্ষেপ’ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার জন্য রাশিয়া আমেরিকায় সাইবার হামলা চালিয়েছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার এ সতর্কবাণী উচ্চারণ করে মস্কো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৬, ২০১৬ ০৩:৪৯ Asia/Dhaka
  • দিমিত্রি পেসকভ
    দিমিত্রি পেসকভ

মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে ‘নজিরবিহীন উপায়ে’ হুমকি দিচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। দেশটি এর বিরুদ্ধে ‘সতর্কতামূলক পদক্ষেপ’ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার জন্য রাশিয়া আমেরিকায় সাইবার হামলা চালিয়েছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার এ সতর্কবাণী উচ্চারণ করে মস্কো।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক কিছু মন্তব্যের কথা তুলে ধরে বলেন, মস্কোকে সত্যি সত্যি হুমকি দিচ্ছে ওয়াশিংটন। পেসকভ বলেন, রাশিয়া এবং এর নেতৃত্বের বিরুদ্ধে মার্কিন সরকারের এবারের হুমকি সত্যিই নজিরবিহীন কারণ, এ হুমকি এসেছে ভাইস প্রেসিডেন্ট পর্যায় থেকে। এ ধরনের অপ্রত্যাশিত হুমকি গোটা বিশ্বকে বিপদাপন্ন করে তুলতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

জো বাইডেন

শুক্রবার জো বাইডেন এক অনুষ্ঠানে বলেন, রাশিয়ার সাইবার হামলার জবাব দিয়ে তার দেশ প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, ওয়াশিংটন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এই বার্তা পাঠাচ্ছে যে,  ‘আমরা এর জবাব দিতে পারি।’

এর আগে গতকাল মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন সাইবার হামলার পরিকল্পনা করছে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। ডেমোক্র্যাটিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বা ডিএনসি'সহ আরো কয়েকটি রাজনৈতিক সংস্থার কম্পিউটারে রাশিয়ার কথিত সাইবার হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হবে।

মার্কিন টিভি চ্যানেল এনবিসি বলেছে, রাশিয়াকে ‘লজ্জাকর’ অবস্থায় ফেলে দেয়ার মতো ‘গোপন’ সাইবার হামলার পরিকল্পনা করতে সিআইএকে নির্দেশ দেয়া হয়েছে। এ সব বিষয়ে সরাসরি অভিজ্ঞতা আছে এমন সাবেক এবং বর্তমান মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে এনবিসি।

এসব খবর প্রকাশিত হওয়ার পরই রুশ প্রেসিডেন্টের মুখপাত্র পেসকভ এ প্রতিক্রিয়া জানালেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬