৩৩ দিনের মিশনে ২ নভোচারীকে কক্ষপথে পাঠাল চীন
https://parstoday.ir/bn/news/world-i23194-৩৩_দিনের_মিশনে_২_নভোচারীকে_কক্ষপথে_পাঠাল_চীন
চীন আজ (সোমবার) দুই নভোচারীকে কক্ষপথে পাঠিয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনঝাও বা ‘স্বর্গীয় যান’ ১১ নামের মহাকাশযানে করে তাদেরকে পাঠানো হয়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি এটি প্রচার করেছে। এছাড়া, বিদেশি সংবাদ মাধ্যমগুলোকে উৎক্ষেপণ দৃশ্য সরাসরি প্রচার করার অনুমতি দেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০১৬ ০৫:৩৮ Asia/Dhaka
  • চীনা নভোচারী জিং হাইপিং (ডানে) এবং চেন দোং
    চীনা নভোচারী জিং হাইপিং (ডানে) এবং চেন দোং

চীন আজ (সোমবার) দুই নভোচারীকে কক্ষপথে পাঠিয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনঝাও বা ‘স্বর্গীয় যান’ ১১ নামের মহাকাশযানে করে তাদেরকে পাঠানো হয়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি এটি প্রচার করেছে। এছাড়া, বিদেশি সংবাদ মাধ্যমগুলোকে উৎক্ষেপণ দৃশ্য সরাসরি প্রচার করার অনুমতি দেয়া হয়েছে।

দুই নভোচারী ৪৯ বছর বয়সী জিং হাইপিং এবং ৩৭ বছর বয়সী চেন দোং  টানা ৩৩ দিন মহাকাশে থাকবেন। জিং এর আগে দুই দফা মহাকাশে কাটিয়েছেন। চলতি বছরের গোড়ার দিকে চীন মহাকাশ গবেষণাগার 'তিয়ানগোং-২’ বা ‘স্বর্গীয় প্রাসাদ’কে কক্ষপথে স্থাপন করেছে। নভোচারীদের বহনকারী মহাকাশযান এই গবেষণাগারের সঙ্গে সংযুক্ত হবে। সেখানে ৩০ দিন চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা এবং জীববিদ্যা সংক্রান্ত গবেষণা চালাবেন তারা।

২০০৩ সাল থেকে চীন  পাঁচ দফা মহাশূন্যে নভোচারীবাহী মহাকাশ যান পাঠিয়েছে। ২০১৩ সালে চীন শেষদফা নভোচারীবাহী মহাকাশযান পাঠিয়েছিল এবং এটি মহাশূন্যে টানা ১৫ দিন অবস্থান করেছিল।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আজকের সফল উৎক্ষেপণকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তিনি বলেন, চীনকে মহাকাশ অনুসন্ধানে আরো অনেকদূর নিয়ে যাবে এ মিশন।

মহাকাশে নিজস্ব নভোচারীবাহী যান পাঠানোর ক্ষেত্রে আমেরিকা এবং রাশিয়ার পর তৃতীয় অবস্থানে রয়েছে চীন। ২০১৩ সালে চাঁদে মানুষবিহীন যান পাঠিয়েছিল চীন এবং দেশটি মহাকাশ গবেষণায় দ্রুত এগিয়ে চলেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৭