সামরিক চুক্তির কথা ভুলে যান: আমেরিকাকে ফিলিপাইন
https://parstoday.ir/bn/news/world-i24019-সামরিক_চুক্তির_কথা_ভুলে_যান_আমেরিকাকে_ফিলিপাইন
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তিনি তার দেশে কোনো বিদেশি সেনা দেখতে চান না। সেই সঙ্গে তিনি বলেছেন, আমেরিকার উচিত ম্যানিলার সঙ্গে সামরিক চুক্তির কথা ভুলে যাওয়া।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
অক্টোবর ২৬, ২০১৬ ১৩:২৭ Asia/Dhaka
  • ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে
    ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তিনি তার দেশে কোনো বিদেশি সেনা দেখতে চান না। সেই সঙ্গে তিনি বলেছেন, আমেরিকার উচিত ম্যানিলার সঙ্গে সামরিক চুক্তির কথা ভুলে যাওয়া।

গতকাল (মঙ্গলবার) জাপান সফরে রওয়ানা হওয়ার আগে তিনি ম্যানিলা বিমানবন্দরে সাংবাদিকদের আরো বলেন, যদি তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকেন তাহলে আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো বিষয়ক চুক্তি ইডিসিএ নবায়ন করবেন না।  দক্ষিণ চীন সাগর নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে বেইজিংকে মোকাবেলায় আমেরিকার সঙ্গে ২০১৪ সালে ইডিসিএ সই করেছিল ফিলিপাইন। এর ফলে ফিলিপাইনের পাঁচটি ঘাঁটিতে ঢোকার অনুমতি পায় মার্কিন সেনারা।  

গত মাসে প্রেসিডেন্ট দুতের্তে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, তিনি আমেরিকার সঙ্গে সামরিক চুক্তিটি পর্যালোচনা করে দেখবেন; সেইসঙ্গ তিনি দক্ষিণ ফিলিপাইন থেকে থেকে সেনা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। এরপর গতকাল তিনি বললেন, ফিলিপাইনের মাটিতে তার দেশের সেনা ছাড়া তিনি অন্য কোনো দেশের সেনা দেখতে চান না। দুতের্তে পরিষ্কার করে বলেছেন, “আমি একটি স্বাধীন নীতি অনুসরণ করতে চাই যেখানে আর কারো হস্তক্ষেপ থাকবে না। আমি এমন একটি সময়ে পৌঁছাতে চাই যখন আমার দেশে আর বিদেশী কোনো সেনা দেখব না।”

এর পাশাপাশি প্রেসিডেন্ট দুতের্তে বলেন, তার দেশকে পোষা কুকুরের মতো বিবেচনা করা বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। গত সপ্তাহে চীন সফরের সময় আমেরিকার সঙ্গে তিনি বিচ্ছিন্ন হওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬