চীনা নৌযান লক্ষ্য করে দ. কোরিয়ার মেশিনগানের গুলি: বেইজিং’র অসন্তোষ
কোরিয় উপদ্বীপের পিত সাগরে চীনা মাছ ধরার নৌযান লক্ষ্য করে মেশিনগানের গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া পানিসীমায় ‘অবৈধ’ ভাবে মাছ ধরতে আসা চীনা নৌযানের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহারে দ্বিধা করা হবে না বলে গত মাসে সিউলের হুঁশিয়ারির পরই এ ঘটনা ঘটল।
দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের উপপ্রধান এ হুঁশিয়ারি দিয়েছিলেন। এ ঘোষণা কার্যকর করা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহোপকে কোস্ট গার্ডের পদস্থ কর্মকর্তা কিম জং-শিক বলেন, পিত সাগরে মাছ ধরায় নিয়োজিত ৩০টি চীনা নৌকা লক্ষ্য করে মেশিনগানের গুলি ছোঁড়া হয়েছে। মাছ ধরার চীনা নৌযানগুলো দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের টহল জাহাজগুলোকে ‘ধাক্কা’ দেয়ার চেষ্টা করার পরই গুলি চালানো হয় বলে তিনি দাবি করেন।
প্রথমে ফাঁকা গুলি করা হলেও পরে নৌযানগুলোর মাস্তুল লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে বলে কিম জং-শিক জানান। তিনি বলেন, চীনা দুই নৌযান আটকও করা হয়েছে। তবে, গুলির ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ দিকে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ ঘটনায় প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৩