গুলিরোধক পোশাক তৈরি করে মার্কিন কমান্ডোদের মনোবল ধরে রাখতে চাইছে পেন্টাগন
-
শিল্পীর চোখে ট্যালোস পরিহিত মার্কিন কমান্ডো
মার্কিন কমান্ডো বাহিনীর সদস্যদের পোশাক নিয়ে নতুন গবেষণায় চলছে। এ পোশাক তাদেরকে নজিরবিহীন সক্ষমতা এবং ক্ষমতা দেবে বলে পেন্টাগন সূত্র থেকে দাবি করা হয়েছে। ট্যাকটিক্যাল লাইট অপারেটর স্যুট বা সংক্ষেপে ট্যালোস নামের পোশাক দিয়ে কমান্ডোর পা থেকে মাথা পর্যন্ত গোটা দেহ ঢেকে দেয়া হবে।
এতে, ঘুটঘুটে অন্ধকারে দেখার ক্ষমতা পাওয়া যাবে, গুলি ঠেকানো যাবে শুধু তাই না দৈহিক শক্তিও কল্পনাতীত ভাবে বাড়বে। এমআইটিসহ অন্যান্যদের সঙ্গে এ পোশাক তৈরি নিয়ে গবেষণা করছে পেন্টাগন। আগামী প্রজন্মের যুদ্ধপোশাক ট্যালোস কেবল পোশাকই হবে না বরং একাধারে গুলি প্রতিরোধক বর্ম এবং বহির্কঙ্কাল বা এক্সোস্কেলিটন হয়ে উঠবে।
আয়রন ম্যান ছায়াছবি থেকে ট্যালোস তৈরির ধারণা নেয়া হয়েছে বলে পোশাক তৈরিতে জড়িত একটি সূত্র বলেছে। গুলি ঠেকানোর জন্য এতে তরল পদার্থ ব্যবহার করা হবে। চৌম্বক ক্ষেত্রের রদবদল বা বিদ্যুতের প্রভাবে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে এ তরল পদার্থ গুলি ঠেকানোর মতো কঠিন এবং দুর্ভেদ্য হয়ে উঠবে।
এ ছাড়া, পরিধানকারী কমান্ডোর হৃৎস্পন্দনের গতি, রক্তচাপ, দেহের পানির মাত্রা, তাপমাত্রাসহ স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্যের ওপর নজর রাখতে সাহায্য করবে ট্যালোস। কমান্ডোর স্বাস্থ্য সংক্রান্ত সব তথ্য কেন্দ্রীয় কম্পিউটারেও পাঠানো হবে। ফলে যুদ্ধে নিয়োজিত সেনাকে সেরা অবস্থায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াও সম্ভব হয়ে উঠবে।
২০১৮ সালের মধ্যে পোশাক তৈরির প্রাথমিক কাজ শেষ হবে বলে পেন্টাগন সূত্র বলেছে। এরপর যুদ্ধ-পরিবেশে পোশাকটির কার্যকারিতা যাচাইয়ের কাজ চলবে। অবশ্য যাচাই কাজে কতো সময় লাগবে সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয় নি।
আফগানিস্তানে মার্কিন কমান্ডোদের বিপর্যয় এবং তাদের বেঘোরে প্রাণ হারানোর পর এ জাতীয় পোশাকের দাবি করতে থাকে সেনারা। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে আগ্রাসী তৎপরতার নিয়োজিত মার্কিন সেনা কমান্ডো বাহিনী সিল এবং স্পেশাল ফোর্সের সদস্যদের মনোবল ধরে রাখার জন্য এমন ‘অজেয়’ পোশাক তৈরির প্রকল্প হাতে নিতে বাধ্য হয় মার্কিন সেনা কর্মকর্তারা। ট্যালোস তৈরিতে সফল হলে দেশে দেশে মার্কিন আগ্রাসী তৎপরতা আরো বহুগুণে বাড়বে বলেই স্বাভাবিক ভাবেই ধারণা করছেন বিশ্লেষকরা।#
পার্সটুডে/মূসা রেজা/৪