মিয়ানমারে সেনা অভিযানের চড়া মূল্য দিচ্ছে শিশুরা: ইউনিসেফ
https://parstoday.ir/bn/news/world-i25342-মিয়ানমারে_সেনা_অভিযানের_চড়া_মূল্য_দিচ্ছে_শিশুরা_ইউনিসেফ
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ বলেছে, মিয়ানমারের মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাখাইন প্রদেশে সেনা অভিযানের চড়া মূল্য দিচ্ছে সেখানকার শিশুরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১০, ২০১৬ ১৭:৩০ Asia/Dhaka
  • মিয়ানমারে সেনা অভিযানের চড়া মূল্য দিচ্ছে শিশুরা: ইউনিসেফ

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ বলেছে, মিয়ানমারের মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাখাইন প্রদেশে সেনা অভিযানের চড়া মূল্য দিচ্ছে সেখানকার শিশুরা।

প্রদেশটিতে বসবাসকারী মুসলমানেরা সেনাবাহিনীর মাধ্যমে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বলেও এর আগে খবর পাওয়া গেছে। উত্তরাঞ্চলীয় রাখাইনে গত ৯ অক্টোবরের হামলায় নয় পুলিশ নিহত হওয়াকে কেন্দ্র করে সেনা অভিযান চলছে। ওই প্রদেশকে সেনাবাহিনী অবরোধ করে রেখেছে। এ হামলায় রোহিঙ্গা মুসলমানেরা জড়িত বলে দাবি করছে মিয়ানমার সরকার। তবে এ বিষয়ে কোনো প্রমাণ দিতে পারে নি।

ইউনিসেফের বিবৃতিতে অত্যাবশ্যকীয় ব্যবস্থাগুলো অবিলম্বে চালু করার পাশাপাশি চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও সেবাখাতের সঙ্গে জড়িত পেশাদার ব্যক্তিরা যেন সেখানে যাতায়াত করতে এবং  শিশু ও পরিবারগুলোকে সহায়তা দিতে পারে, সেজন্য এ ব্যবস্থা নেয়া উচিত।

মিয়ানমারের সেনাবাহিনী ওই এলাকাকে অপারেশন জোন হিসেবে ঘোষণা দিয়েছে। বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদেরকে ওই এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে না। ওই এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ধর্ষণ এবং গ্রেফতার চলছে বলেও জানিয়েছেন স্থানীয় অধিবাসী এবং মানবাধিকার কর্মীরা।

সেনাবাহিনীর অভিযান শুরুর পর ওই এলাকার হাজার হাজার মানুষ খাদ্যসহ মৌলিক চাহিদা মেটাতে পারছে না।

 পার্সটুডে/মূসা রেজা/১০