আরবাঈন উপলক্ষে কারবালা অভিমুখে বিশ্বের সর্ববৃহৎ পদযাত্রা
ইমাম হুসাইন (আ.)’র শাহাদতের চেহলাম বার্ষিকী তথা আরবাঈন উপলক্ষে ইরাকের কারবালায় ঘটছে বিশ্বের বৃহত্তম মুসলিম সমাবেশ। আরবি সফর মাসের ২০ তারিখ মোতাবেক ২০ নভেম্বরের ওই শোকানুষ্ঠানকে কেন্দ্র করে আনুমানিক দুই কোটি মুসলমান বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন পবিত্র কারবালায়।

অনেকেই শত শত মাইল পায়ে হেঁটে স্মরণ করছেন কারবালার সেই ঐতিহাসিক কাফেলার মহাযাত্রাকে এবং নবী-পরিবারের বন্দি সদস্যদেরকে শত শত মাইল পথ পায়ে হাঁটিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে। বিশেষ করে ইরাকের নাজাফ শহর থেকে কারবালা অভিমুখে পদযাত্রায় অংশগ্রহণ করেছেন লাখ লাখ মুসলিম।

নাজাফ শহর থেকে শুরু হওয়া প্রধান পদযাত্রায় কয়েক লাখ ইরানিসহ অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছে। তারা নাজাফ থেকে কারবালা শহরে অবস্থিত ইমাম হুসাইনের (আ.) পবিত্র মাজার পর্যন্ত প্রায় একশ কিলোমিটার পায়ে হেঁটে অতিক্রম করছেন।

ইরানের সর্বোচ্চ নেতা সাম্প্রতিক বছরগুলোতে ইমাম হুসাইনের চেহলাম বার্ষিকীর পদযাত্রাকে 'নজিরবিহীন এবং প্রেম ও ঈমানে ভরপুর সফর' বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, 'হায় যারা আরবাঈন উপলক্ষে পায়ে হেঁটে কারবালায় যাচ্ছেন তাদের মতই যদি সৌভাগ্যবান হতে পারতাম'!
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯