কাশ্মির ইস্যুতে ওআইসি’র বিশেষ আগ্রহ রয়েছে: সারতাজ আজিজ
-
পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, তার দেশের সঙ্গে ভারতের বর্তমান উত্তেজনাপূর্ণ অবস্থা নিরসনের জন্য ‘গোপন আলাচনা’ প্রয়োজন কিন্তু ভারত এ ধরনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গতকাল (মঙ্গলবার) পাকিস্তান সিনেটকে ব্রিফ করার সময় তিনি এ কথা জানান।
সারতাজ আজিজ তার ভাষায় বলেন, ভারতীয় সেনাদের বিনা উসকানিতে গোলাগুলির কারণে সীমান্ত পরিস্থিতির আবারো মারাত্মক অবনতি হয়েছে। তিনি জানান, গত কয়েক মাসের গোলাগুলিতে নারী-শিশুসহ ৩০ জন পাকিস্তানি নাগরিক নিহত ও ১১০ জন আহত হয়েছে। পাকিস্তানি সেনারা ভারতীয় গোলাগুলির উপযুক্ত জবাব দিয়ে আসছে বলেও জানান তিনি।
সারতাজ আজিজ বলেন, সীমান্ত উত্তেজনা এবং সার্ক শীর্ষ সম্মেলনে ভারত যোগ না দেয়া সত্ত্বেও ভারতের অমৃতসরে অনুষ্ঠেয় হার্ট অব এশিয়া সম্মেলনে যোগ দেবে পাকিস্তান। সারতাজ আজিজ জানান, কাশ্মির ইস্যুতে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ আগ্রহ রয়েছে।
এছাড়া, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে “ভারতীয় সেনাদের আগ্রাসনের” বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরারে জন্য পাকিস্তানের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কাজ করছে বলে জানান সারতাজ আজিজ। পাশাপাশি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের বিষয়টি তুলে ধরার জন্য আন্তর্জাতিক অঙ্গনের কাছে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সরবরাহ করবে ইসলামাবাদ। এ ক্ষেত্রে ভারতের কূটনীতিক কুলভূষণ যাদবের তৎপরতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হবে বলে জানান সারতাজ আজিজ।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩