পাকিস্তানের বেসামরিক বাসে ভারতীয় সেনাদের হামলা: নিহত ৯  
https://parstoday.ir/bn/news/world-i26527-পাকিস্তানের_বেসামরিক_বাসে_ভারতীয়_সেনাদের_হামলা_নিহত_৯
সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে ভারতীয় সেনাদের গোলাবর্ষণের ঘটনায় পাকিস্তানের নয়জন বেসামরিক নাগরিক নিহত ও ১১ জন আহত হয়েছে। আজ (বুধবার) পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের লাওয়াত এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সেনারা আজ আবার দিনব্যাপী ভারী গোলাবর্ষণ শুরু করেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ২৩, ২০১৬ ১৪:০১ Asia/Dhaka
  • পাকিস্তানের বেসামরিক বাসে ভারতীয় সেনাদের হামলা: নিহত ৯  

সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে ভারতীয় সেনাদের গোলাবর্ষণের ঘটনায় পাকিস্তানের নয়জন বেসামরিক নাগরিক নিহত ও ১১ জন আহত হয়েছে। আজ (বুধবার) পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের লাওয়াত এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সেনারা আজ আবার দিনব্যাপী ভারী গোলাবর্ষণ শুরু করেছে।

যাত্রীবাহী বাস ছাড়াও ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে আসা একটি অ্যাম্বুলেন্সে গুলি চালিয়েছে ভারতীয় সেনারা। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র বিবৃতিরে বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, ভারতীয় গোলায় আজ মোট ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে।

পাকিস্তানের নিলাম উপত্যকার পুলিশ সুপার জামিল মীর জানান, “লাওয়াত শহরে ছোট-বড় নানান অস্ত্র নিয়ে ভারতীয় বাহিনী যাত্রীবাহী বাসে আঘাত করে। এতে নয় যাত্রী নিহত ও ১১ জন আহত হয়। যাত্রীবাহী ওই বাসটি মুজাফ্ফরাবাদে যাচ্ছিল।

এসপি মীর জানান, রাত তিনটার সময় নিলাম উপত্যকায় গোলাবর্ষণ শুরু হয় এবং সকালের দিকে তা জোরালো হয়। অন্যান্য এলাকার কর্মকর্তারাও একই তথ্য দিয়েছেন।

এদিকে, ভারতীয় বাহিনীর গোলা বর্ষণে টাট্টা পানি ও নাকিয়াল সেক্টরে একজন নিহত ও সাতজন আহত হয়েছে। নাকিয়াল সেক্টরের কোটলি জেলার সহকারী পুলিশ কমিশনার সরদার জিসান নিসার বলেন, সকাল ৮:৪০ মিনিটে তার এলাকায় নির্বিচারে গোলাবর্ষণ শুরু হয়। এতে ছয়জন আহত হয়েছে এবং এর আগে আহত হওয়া একজন মারা গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩