অবনতি হচ্ছে পাক-ভারত সীমান্ত পরিস্থিতি: ১০ সেনা নিহত
-
পাক-ভারত সীমান্তে গোলাগুলি
পাকিস্তান ও ভারতের সীমান্ত পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। আজ সেখানে নিহত হয়েছে মোট ১০ সেনা। এর মধ্যে পাকিস্তানের তিন সেনা এবং ভারতের সাত সেনা রয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।
গতকাল (মঙ্গলবার) সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে অজ্ঞাত আততায়ির গুলিতে ভারতের তিন সেনা নিহত হওয়ার পর আজ এসব সেনা নিহত হলো। এছাড়া, আজই আজাদ কাশ্মিরের নিলাম উপত্যকায় ভারতীয় সেনাদের গোলার আঘাতে পাকিস্তানের একটি বেসামরিক বাস বিধ্বস্ত হয়ে অন্তত নয়জন নিহত ও ১১ জন আহত হয়েছে।
এক্সপ্রেস ট্রিবিউন বলছে, আজ পাকিস্তানের পক্ষে মারা গেছেন- ক্যাপ্টেন তাইমুর আলী, হাবিলদার মুশতাক হোসেইন ও ল্যান্স নায়েক গুলাম হোসেইন। আইএসপিআর বলেছে, ভারতের সেনারা শাহকোট, জুরা, বাট্টাল কারেলা, বাগ, বগচরসহ আরো কয়েকটি সেক্টরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য ভারতীয় সেনারা হামলা চালাচ্ছে। ভারতীয় গোলাগুলির জবাবে পাকিস্তানি সেনারা সীমান্তবর্তী সামরিক পোস্ট লক্ষ্য করে গোলা বর্ষণ করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩