‘উরি হামলার পরই পাকিস্তান যুদ্ধের পরিকল্পনা প্রস্তুত করেছে’
-
পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল সোহাইল আমান
পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল সোহাইল আমান বলেছেন, ভারতের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরই ভারতের হুমকির মুখে পাকিস্তান তার যুদ্ধ পরিকল্পনা প্রস্তুত করেছে। তিনি তার ভাষায় ভারতকে সতর্ক করে বলেন, “দিল্লির আগ্রাসী তৎপরতার কারণে উপমহাদেশে উত্তেজনা বেড়ে চলেছে।”
পাকিস্তানে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক সামরিক প্রদর্শনী ও সেমিনারে বক্তৃতা দেয়ার সময় গতকাল (বৃহস্পতিবার) সোহাইল আমান এ কথা বলেছেন। তিনি বলেন, এ ধরনের চাপকে কোনোভাবেই উপেক্ষা করতে পারে না পাকিস্তান। তিনি সুস্পষ্ট করে বলেছেন, “আমরা যেকোনো আগ্রাসনের মুখে জবাব দিতে খুব ভালোভাবেই সক্ষম।” পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করে এয়ার চিফ বলেন, পাক বিমান বাহিনী যেকোনো শত্রুতামূলক তৎপরতার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এর পাশাপাশি পাকিস্তানের সেনাবাহিনী ও নৌবাহিনীও সম্পূর্ণভাবে অস্ত্রসজ্জিত রয়েছে। তাদের মনোবল ও নৈতিক শক্তি অত্যন্ত উঁচু বলেও জানান সোহাইল আমান।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫