পাকিস্তানে নতুন সেনাপ্রধান: সামরিক নীতির পরিবর্তন হবে?
https://parstoday.ir/bn/news/world-i26926-পাকিস্তানে_নতুন_সেনাপ্রধান_সামরিক_নীতির_পরিবর্তন_হবে
লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়াকে পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়ার পর পাক সামরিক নীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা তা নিয়ে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এ আলোচনার অনেকটা অবসান ঘটিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, নতুন সেনাপ্রধান নিয়োগের পর তার দেশের সামরিক নীতিতে এখনই কোনো পরিবর্তন আসবে না।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ২৮, ২০১৬ ০৯:৪৪ Asia/Dhaka
  • লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া
    লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া

লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়াকে পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়ার পর পাক সামরিক নীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা তা নিয়ে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এ আলোচনার অনেকটা অবসান ঘটিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, নতুন সেনাপ্রধান নিয়োগের পর তার দেশের সামরিক নীতিতে এখনই কোনো পরিবর্তন আসবে না।

গত মঙ্গলবার তিন বছরের জন্য পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জেনারেল বাজওয়াকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন। তিনি জেনারেল রাহিল শরীফের জায়গায় দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানের জিও টিভির সঙ্গে কথা বলার সময় খাজা আসিফ জানান, “সামরিক নীতি অব্যাহত থাকবে এবং শিগগিরি এতে কোনো পরিবর্তন আসবে না।” তিনি আরো বলেন, “জেনারেল রাহিল শরীফ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার উত্তরসূরী তা অব্যাহত রাখবেন।”  

জেনারেল বাজওয়াকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়ার পর আমেরিকা তাকে স্বাগত জানিয়ে বলেছে, দেশে এবং আঞ্চলিক পর্যায়ে পাকিস্তানকে সন্ত্রাসবাদ মোকাবেলার বিষয়ে তারা সহযোগিতা করতে চায়। পাকিস্তানে মার্কিন দূতাবাসও এক বিবৃতিতে বলেছে, “প্রতিবেশীদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা প্রতিরোধ করতে পাকিস্তান সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে তা পূরণের ক্ষেত্রে দেশটিকে সহযোগিতা করতে চায় আমেরিকা।”

খাজা আসিফ

পাক- ভারত সামরিক ও রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে এবং সীমান্তে মাঝেমধ্যেই গোলাগুলি এবং প্রাণহানির ঘটনা ঘটছে তখন পাকিস্তানে নতুন সেনাপ্রধান নিয়োগ দেয়া হলো। উত্তেজনার মধ্যে জেনারেল রাহিল শরীফ বেশ কয়েকবারই ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়া, সীমান্তে ভারতীয় সেনাদের হামলার কঠোর জবাব দেয়ার প্রকাশ্য নির্দেশনা দিয়েছিলেন তিনি। পাশাপাশি পাক-আফগান সীমান্তে তালেবানসহ সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জেনারেল রাহিল শরীফ জারবে আযব নামে সামরিক অভিযান চালিয়ে বিশেষ সুনাম কুড়িয়েছেন। এ অবস্থায় জনমনে প্রশ্ন রয়েছে- জেনারেল বাজওয়ার সময় এই নীতি অব্যাহত থাকবে কিনা।

এদিকে, গতকাল (রোববার) ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং জেনারেল পাকিস্তানের নতুন সেনাপ্রেধান জাভেদ বাজওয়াকে সত্যিকারের পেশাদার বলে অভিহিত করে তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, “জাতিসংঘ মিশনে জেনারেল বাজওয়া সম্পূর্ণভাবে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং তা ছিল চমৎকার। কিন্তু একজন সেনা কর্মকর্তার আচরণ আন্তর্জাতিক পরিবেশে একরকম থাকে আর দেশে থাকে ভিন্ন রকম।” জাভেদ বাজওয়ার নিয়োগের পর পাকিস্তানের সামরিক নীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা -সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিক্রম সিং বলেন, “আমি কোনো পরিবর্তন দেখছি না।”

২০০৭ সালে জেনারেল বিক্রম সিংয়ের অধীনে কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ব্রিগেড কমান্ডার হিসেবে জাভেদ বাজওয়া দায়িত্ব পালন করেছিলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮