ব্রাজিলের পেশাদার ফুটবল খেলোয়াড়দের নিয়ে বিমান বিধ্বস্ত; নিহত ৭৬
-
বিমান বিধ্বস্তের পর উদ্ধারকারীদের তৎপরতা
ব্রাজিলের কয়েকজন পেশাদার ফুটবল খেলোয়াড়সহ ৮১ জন আরোহী নিয়ে কলম্বিয়ায় বিধ্বস্ত বিমানের ৭৬ আরোহী মারা গেছেন। বিমানে ব্রাজিলের চ্যাপেকোয়েনসি রিয়াল ফুটবল ক্লাবের খেলোয়াড় ছিলেন। বিমানে ৭২ জন যাত্রী ও নয়জন ক্রু ছিলেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সোয়া দশটার দিকে সেরো গোর্দো এলাকার আকাশে থাকা অবস্থায় বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে এটি বিধ্বস্ত হয়। কলম্বিয়ার হোসে মারিয়া কর্ডোভা আন্তর্জাতিক বিমানবন্দর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় পাঁচজন বেঁচে গেছেন।
সাউথ আমেরিকান কাপ ফাইনালে অ্যাথলেটিকো ন্যাশনাল ক্লাবের বিরুদ্ধে বুধবার একটি ম্যাচে অংশ নেয়ার জন্য ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা কলম্বিয়া যাচ্ছিল। কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হোসে মারিয়া কর্ডোভাতে বিমানটির অবতরণের কথা ছিল।
বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক ব্যবস্থায় গোলযোগের কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এর আগে কলম্বিয়ার একজন মেয়র জানিয়েছিলেন, বিমানের জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে সেটি বিধ্বস্ত হয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজের এ বিমানটি বলিভিয়ার একটি সংস্থা পরিচালনা করত। মাস খানেক এই বিমানটিই আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলকে বহন করে ব্রাজিলে নিয়ে গিয়েছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯