সীমান্তে ভারত ১০ লাখের বেশি সেনা মোতায়েন করেছে: পাক পররাষ্ট্র দপ্তর
-
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া
সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত দশ লাখের বেশি সেনা মোতায়েন করেছে বলে অভিযোগ তুলেছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। আজ (বুধবার) পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া এ অভিযোগ করেন বলে রেডিও পাকিস্তান জানিয়েছে।
তিনি বলেন, “পাকিস্তানের উদ্বেগ সত্ত্বেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে দশ লাখের বেশি সেনা মোতায়েন করেছে যা বিশ্বের যেকোনো জায়গার চেয়ে বেশি।”
নাফিস জাকারিয়া বলেন, এত বেশি সেনা মোতায়েন করার কারণে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে। তিনি আরো অভিযোগ করেন, ভারতীয় সেনারা সীমান্ত রেখার কাছে বেসামরিক লোকজনকে হত্যা করছে এবং গত চার মাস ধরে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। ২০০৩ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান।
সীমান্তে রক্তপাত বন্ধ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়ে নাফিস জাকারিয়া বলেন, কাশ্মির ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘের ভূমিকা পালন করা উচিত। তিনি বলেন, ভারতের সঙ্গে যেকোনো ইস্যুতে পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে। পাশাপাশি সিন্ধু নদীর পানি বণ্টনের বিষয়ে নাফিস জাকারিয়া তার ভাষায় ‘ভারতে অসদোদুদ্দেশ্যের’ নিন্দা করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০