সিরিয়ায় ত্রাণ বিতরণ রাজনৈতিক চালে পরিণত হয়েছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i27154-সিরিয়ায়_ত্রাণ_বিতরণ_রাজনৈতিক_চালে_পরিণত_হয়েছে_রাশিয়া
রাশিয়া বলেছে, সিরিয়ায় মানবিক ত্রাণ বিতরণের বিষয়টি বড় ধরনের রাজনৈতিক চালে পরিণত করা হয়েছে কারণ জাতিসংঘের বেশিরভাগ মানবিক সাহায্য যাচ্ছে বিদেশী মদদপুষ্ট জঙ্গিদের দখলে থাকা এলাকাগুলোয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ৩০, ২০১৬ ১৮:৩৭ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

রাশিয়া বলেছে, সিরিয়ায় মানবিক ত্রাণ বিতরণের বিষয়টি বড় ধরনের রাজনৈতিক চালে পরিণত করা হয়েছে কারণ জাতিসংঘের বেশিরভাগ মানবিক সাহায্য যাচ্ছে বিদেশী মদদপুষ্ট জঙ্গিদের দখলে থাকা এলাকাগুলোয়।

আজ (বুধবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, সিরিয়ার পশ্চিমের শহর দেইর আজ-জোরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কারণে আটকে পড়া কমপক্ষে দুই লাখ মানুষের জন্য ত্রাণের খুব জরুরি দরকার হলেও সেখানে জাতিসংঘ ত্রাণের কেবল এক শতাংশ সরাসরি পাঠানো হয়েছে। তিনি আরো জানান, জাতিসংঘের বেশিরভাগ ত্রাণই পাঠানো হচ্ছে জঙ্গি অধিকৃত এলাকায়, বিশেষ করে পূর্বে আন-নুসরা ফ্রন্ট হিসেবে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফাতেহ আশ-শামের নিয়ন্ত্রিত এলাকায়।

সিরিয়ার আলেপ্পো শহরে জঙ্গি অধ্যুষিত এলাকাগুলোয় মানবিক ত্রাণের বিষয়টি যখন বিশেষ গুরুত্ব পাচ্ছে এবং মানবাধিকার সংগঠনগুলো সেখানে মানবিক বিপর্যয় সম্পর্কে সতর্ক করছে তখন এই খবর এল। সিরিয়ার এক সময়কার দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো এখন সিরিয় বাহিনী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। গত চার বছর ধরে এ শহরের পশ্চিম অংশ দামেস্ক বাহিনীর নিয়ন্ত্রণে এবং পূর্ব অংশ সন্ত্রাসীদের দখলে রয়েছে।

সেপ্টেম্বর মাসে রুশ বিমানবাহিনীর সমর্থনে সিরিয় সেনাবাহিনী এই বিভক্ত শহরটিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে অভিযান শুরু করে। আলেপ্পোয় অধিকৃত অংশগুলো থেকে বেসামরিক নাগরিকদের বেরিয়ে যাবার সুবিধার্থে সেনাবাহিনী বিভিন্ন মানবিক করিডর স্থাপন করেছে। তবে যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে খবর পাওয়া যাচ্ছে যে, জঙ্গিরা পূর্ব অংশ থেকে বেসামরিক নাগরিকদের পালাতে বাধা দিচ্ছে এবং সরকারি বাহিনীর অগ্রগতি ঠেকাতে তাদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

এদিকে, একদিন আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জঙ্গিদের দখলে থাকা আলেপ্পোর পূর্বের এলাকাগুলোর অর্ধেকে সিরিয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছে। গতকাল জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ার সামরিক বাহিনীর সাম্প্রতিক সাফল্যের পর ১৬ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক আলেপ্পোর জঙ্গি অধিকৃত এলাকা থেকে পালিয়েছে। লন্ডনভিত্তিক কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ জানিয়েছে, গত চার দিনে ৫০ হাজার মানুষ পূর্ব আলেপ্পো থেকে সরকার নিয়ন্ত্রিত এলাকায় পালিয়ে গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০