নতুন আরব বসন্তের বিষয়ে সতর্ক করল জাতিসংঘ
-
মরক্কোয় ২০১৩ সালের বিক্ষোভ (ফাইল ফটো)
নতুন আরব বসন্তের বিষয়ে সতর্ক করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এক প্রতিবেদনে বলেছে, কর্মসংস্থান এবং সমাজে অবস্থান তৈরির জন্য সংগ্রামরত তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরা দিন দিন সরাসরি সহিংস হয়ে উঠছে। এর অর্থ হচ্ছে- তারা চায় সরকার যেন তাদের কথায় গুরুত্ব দেয়।
ইউএনডিপি এ প্রতিবেদনে আরব সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এসব সরকার যেন ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে শহরাঞ্চলে উচ্চ-শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার উদ্যোগ নেয়। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, এই তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হলে তা পুরো আরব অঞ্চলে গণজাগরণের ঢেউ সৃষ্টি করতে পারে; যেমনটি হয়েছিল ছয় বছর আগে।
ইউএনডিপি’র এ প্রতিবেদনে বলা হয়েছে, আরব দেশগুলোতে এখন যুব-বেকারের হার শতকরা ৩০ ভাগে দাঁড়িয়েছে। সারা বিশ্বের গড় বেকারত্বের হার শতকরা ১৪; সেখানে আরব বিশ্বে এ হার দ্বিগুনেরও বেশি। আরব দেশগুলোর প্রায় অর্ধেক নারী কর্মসংস্থান খুঁজছেন কিন্তু তারা তা পাচ্ছেন না। প্রতিবেদেনে বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে আরব দেশগুলোতে ছয় কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজন ছিল কিন্তু তাদের অর্থনীতি এই বিশাল ভার বহনে সক্ষম নয়। ইয়েমেন ও সিরিয়ায় প্রত্যক্ষ-পরোক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ বড় ধরনের অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে- আরব অঞ্চলে ১৫ থেকে ২৯ বছরের বয়সের তরুণের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। কিন্তু তারা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ণভাবে অবদান রাখতে পারছে না। এ অবস্থায় বিশেষ করে যদি তারা মনে করে বিদ্যমান ব্যবস্থা তাদের প্রয়োজন মেটাতে অক্ষম তাহলে তরুণ আরব নাগরিকরা আরো বেশি সরাসরি ও সহিংস পন্থা অনুসরণ করতে পারে। এ প্রতিবেদনে ধারণা করা হয়েছে যে, ২০২০ সালের মধ্যে প্রতি চারজনের মধ্যে তিনজন আরব নাগরিক সহিংসতা কবলিত দেশে বসবাস করবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১