‘ইউরোপে হামলা চালাবে দায়েশ’: ইউরোপোলের হুঁশিয়ারি
-
২০১৫ সালের নভেম্বরে প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলার পর দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়
মধ্যপ্রাচ্যে একের পর এক পরাজয়ের সম্মুখীন হওয়ার কারণে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইউরোপের বিভিন্ন দেশে হামলা চালাতে পারে। ইউরোপের পুলিশ বাহিনী ইউরোপোল এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
এটি বলেছে, দায়েশের বিদেশি জঙ্গিরা এখন অধিক হারে ইউরোপে ফিরে যাওয়ার চেষ্টা করবে। এমনকি হামলা চালাতে সক্ষম কয়েক ডজন জঙ্গি এরইমধ্যে ইউরোপের প্রবেশ করে থাকতে পারে বলেও জানিয়েছে ইউরোপোল। এটি বলেছে, গাড়িবোমা হামলা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো কৌশল অবলম্বন করতে পারে জঙ্গিরা।
তবে পরমাণু স্থাপনার মতো স্পর্শকাতর স্থাপনায় দায়েশের হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছে ইউরোপোল। এটি বলেছে, ‘আইএস জঙ্গিরা’ সাধারণ মানুষকে টার্গেট করে হামলা চালাতে পারে। বিশেষ করে গত জুলাইয়ে ফ্রান্সের নিস শহরে এক ব্যক্তি যেভাবে সাধারণ মানুষের ওপর লরি চালিয়ে দিয়েছিল সে ধরনের ‘একক ব্যক্তির হামলা’ হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।
ইউরোপোল সতর্ক করে দিয়ে আরো বলেছে, ইউরোপের শরণার্থী শিবিরগুলোতে অবস্থানরত সিরিয়ার উদ্বাস্তুদেরকে জঙ্গিরা তাদের দলে ভেড়াতে পারে। এসব শিবিরে ছদ্মবেশী জঙ্গিরা অব্স্থান করছে বলেও এটি জানিয়েছে।
ইউরোপের বিভিন্ন দেশে গত কয়েক বছরে দায়েশ জঙ্গিরা বেশ কিছু বড় ধরনের হামলা চালিয়েছে।
উগ্র তাকফিরি মতবাদে প্রভাবিত জঙ্গিরা যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে যুদ্ধ করতে আরব এই দেশটিতে যাচ্ছিল তখন তা দেখেও না দেখার ভান করেছে ইউরোপীয় দেশগুলো। সে সময় বরং হাজার হাজার ইউরোপীয় জঙ্গিকে সিরিয়ায় যেতে উৎসাহিত করেছে তারা। কিন্তু এখন যখন এসব জঙ্গি নিজ নিজ দেশে ফিরে আসতে শুরু করেছে তখনই আতঙ্কে ভুগছে পশ্চিমা এসব দেশ।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩