মিয়ানমারে রোহিঙ্গা নিধন অবশ্যই বন্ধ করতে হবে: মালয়েশিয়া
https://parstoday.ir/bn/news/world-i27337-মিয়ানমারে_রোহিঙ্গা_নিধন_অবশ্যই_বন্ধ_করতে_হবে_মালয়েশিয়া
রোহিঙ্গা নিধন বন্ধ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, রোহিঙ্গা মুসলমানদেরকে নৃতাত্ত্বিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৩, ২০১৬ ১২:৪৪ Asia/Dhaka
  • মিয়ানমারে রোহিঙ্গা নিধন অবশ্যই বন্ধ করতে হবে: মালয়েশিয়া

রোহিঙ্গা নিধন বন্ধ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, রোহিঙ্গা মুসলমানদেরকে নৃতাত্ত্বিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের কেবল তাড়িয়েই দেয়া হচ্ছে না বরং সেখানে যা হচ্ছে তা নৃতাত্ত্বিক নিশ্চিহ্নকরণের শামিল। বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য মিয়ানমারের এই আচরণ অবশ্যই বন্ধ করতে হবে।

মালয়েশিয়া আরও বলেছে, রোহিঙ্গা ইস্যুটি এখন আর অভ্যন্তরীণ বিষয় নয়, তা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে মালয়েশিয়া নাক গলাচ্ছে বলে অভিযোগ করার পর এক প্রতিক্রিয়ায় এসব কথা বলল কুয়ালালামপুর। মিয়ানমার বলেছে, মালয়েশিয়াকে আসিয়ান নীতি মেনে চলতে হবে এবং সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে দূরে থাকতে হবে।

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুলমমানদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। গত কয়েক সপ্তাহে সেখানে বহু মানুষকে হত্যা করা হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষকে তাদের ভিটেমাটি থেকে তাড়িয়ে দেয়া হয়েছ। সম্প্রতি মালয়েশিয়া এসব পদক্ষেপের কড়া সমালোচনা করেছিল। ২০১২ সালেও রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলায় বহু মানুষ প্রায় হারায়।  

এদিকে, আগামীকাল (রোববার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে সংহতি মিছিলের ডাক দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিজে এ মিছিলের নেতৃত্ব দেবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩