ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পূর্ণশক্তি নিয়ে জবাব দেবে পাকিস্তান: জে. বাজওয়া
-
সেনা সদস্যদের সঙ্গে কথা বলছেন জেনারেল কামার জাভেদ বাজওয়া
পাকিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, ভারত যদি সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে পূর্ণশক্তি নিয়ে জবাব দেবে পাকিস্তানি সেনারা। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
রাওয়ালপিন্ডির ১০ম কোর ও সীমান্তে মোতায়েন করা সেনাদের পরিদর্শনের সময় জেনারেল বাজওয়া বলেন, “প্রতিটি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় অবশ্যই পূর্ণশক্তি দিয়ে এবং কার্যকরভাবে জবাব দেয়া হবে।” এসময় সেনাপ্রধানকে সীমান্ত পরিস্থিতি অবহিত করা হয়।
জেনারেল বাজওয়া তার ভাষায় বলেন, “কাশ্মিরে চলমান বর্বরতা চাপা দিতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে ভারতীয় সেনারা সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তিনি আরো বলেন, কাশ্মির সমস্যার সমাধান করতে হবে জাতিসংঘ প্রস্তাব অনুসারে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩