'এক চীন নীতির বাইরে কিছু নেই; চীনের অবিচ্ছেদ্য অংশ তাইওয়ান'
-
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তাইওয়ানের প্রেসিডেন্ট
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপকে তাইপের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে চীন। দেশটি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের এ পদেক্ষপের প্রতিবাদ জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এক চীন নীতির বাইরে কিছু নেই এবং চীনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে তাইওয়ান। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের পর এ প্রতিক্রিয়া জানাল বেইজিং।
এছাড়া, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হি বলেছেন, আমেরিকা এক চীন নীতি থেকে সরে আসবে বলে তিনি মনে করেন না। আজ (শনিবার) হংকংয়ে ফিনেক্স টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের ভিত্তি হচ্ছে 'এক চীন নীতি'।
গতকাল (শুক্রবার) তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে আমেরিকা। প্রথা ভেঙে ট্রাম্পের এমন কাজে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা পড়ার আশঙ্কা করছেন অনেকে।
হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র নেড রাইসও বলেছেন, আমেরিকা এক চীন নীতি নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ট্রাম্পের ফোনালাপে এ ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।
চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং আমেরিকাও দীর্ঘ দিন ধরে এক চীন নীতির প্রতি সমর্থন জানিয়ে আসছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩