আকস্মিক ইরাক সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার
https://parstoday.ir/bn/news/world-i27967-আকস্মিক_ইরাক_সফরে_মার্কিন_প্রতিরক্ষামন্ত্রী_অ্যাশ্টোন_কার্টার
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ইরাকে গেছেন। মার্কিন বিমান হামলায় ৯০ জন ইরাকি সেনা নিহত হওয়ার পর তিনি সেখানে গেলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১১, ২০১৬ ১২:৪৬ Asia/Dhaka
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার
    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ইরাকে গেছেন। মার্কিন বিমান হামলায় ৯০ জন ইরাকি সেনা নিহত হওয়ার পর তিনি সেখানে গেলেন।

ইরাকে অবস্থানকালে প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার মসুল অভিযানের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো পরিদর্শন করবেন বলে পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন বলে কথা রয়েছে। মার্কিন কর্মকর্তারা হামলার ভয়ে পূর্ব ঘোষণা ছাড়াই ইরাক সফর করছে বলে ধারণা করা হচ্ছে।

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে গতকাল (শনিবার) মার্কিন বিমান হামলায় অন্তত ৯০ জন ইরাকি সৈন্য নিহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। 

গতকাল বাহরাইনে নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে কার্টার সরাসরি বাগদাদ সফরে যান। বাহরাইনের রাজধানী মানামায় গতকাল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার বলেন, তাকফিরি দায়েশের কাছ থেকে রাক্কা শহর পুনরুদ্ধার করার লক্ষ্যে  সিরিয়ায় আরো প্রায় ২০০ সেনা মোতায়েন করা হবে।  এসব সেনা সিরিয়ায় অবস্থানরত ৩০০ সেনার সঙ্গে যোগ দেবে।

সিরিয়া সরকারের বিনা অনুমতিতে যেসব দেশ সেখানে সেনা মোতায়েন করেছে তাদের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমেরিকা। বিনা অনুমতিতে সিরিয়ায় সেনা মোতায়েন করার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আসছে বাশার আসাদের সরকার।#

পার্সটুডে/বাবুল আখতার/১১